সরকারি খরচে সহায়তা পেল ৪ লাখ ৬৯ হাজার মামলা

অর্থনৈতিকভাবে অসচ্ছল ও অসামর্থ্য বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি খরচে আইনি সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত দেশের বিভিন্ন পর্যায়ে মোট ৪ লাখ ৬৯ হাজার ৪৮০টি মামলায় সরকারি খরচে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে আইনি সহায়তার বিভিন্ন সেবার মাধ্যমে মোট ১৪ লাখ ৮৭ হাজার ৬৬৩ জন উপকারভোগী সরকারি সহায়তা পেয়েছেন।
প্রকাশিত তথ্য অনুযায়ী, মামলাভিত্তিক আইনি সহায়তার মধ্যে সবচেয়ে বেশি সেবা দেওয়া হয়েছে জেলা পর্যায়ে। দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৬১ হাজার ৪২২টি মামলায় সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৪১৩টি এবং ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৬৪৫টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।
সরকারি আইনি সহায়তা কার্যক্রম শুধু আদালতকেন্দ্রিক নয়; টেলিফোনভিত্তিক পরামর্শ ও কারাবন্দিদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন ১৬৬৯৯ নম্বরে কল করে এ পর্যন্ত ২ লাখ ৬ হাজার ৭০৩ জন সেবা গ্রহণ করেছেন।
এদিকে, বিভিন্ন কারাগারে থাকা ১ লাখ ৩৯ হাজার ৯৮৫ জন কারাবন্দিকেও লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সরকারি খরচে ৩০ হাজার ৬৯৬ জন আইনি সহায়তা পেয়েছেন। জেলা লিগ্যাল এইড অফিসগুলোর মাধ্যমে সেবা নিয়েছেন ১২ লাখ ২০ হাজার ৪৪ জন। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ২২০ জন শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তি আইনি সহায়তা পেয়েছেন।
বর্তমানে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, জাতীয় হেল্পলাইন কল সেন্টার এবং কারাগারভিত্তিক কার্যক্রমের মাধ্যমে এই সেবা পরিচালিত হচ্ছে।
সরকারের আইনগত সহায়তা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো, আর্থিক অক্ষমতার কারণে যেন কোনো ব্যক্তি ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন। এ লক্ষ্য বাস্তবায়নে ‘আইনগত সহায়তা প্রদান আইন’ অনুযায়ী যোগ্য ব্যক্তিদের সরকারি খরচে আইনজীবীর সহায়তা, আইনি পরামর্শ এবং প্রয়োজনীয় অন্যান্য সেবা দেওয়া হয়।
জাতীয় আইনগত সহায়তা সংস্থা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠান। সংস্থাটি দীর্ঘদিন ধরে দরিদ্র, অসচ্ছল, নারী, শিশু, শ্রমিক, কারাবন্দিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য