• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

একদিনে ৬৩৪০ পুরোনো মামলা নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুলাই ২০২৬, ১০:১৭ পি.এম.
হাইকোর্ট
ছবি: সংগৃহীত

বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত ও মামলা জট কমাতে সুপ্রিম কোর্টের নেওয়া বিশেষ উদ্যোগের আওতায় এক দিনেই হাইকোর্ট বিভাগে ৬ হাজার ৩৪০টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চগুলোতে এসব মামলা নিষ্পত্তি করা হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে মোট ৬ হাজার ৩১৭টি পুরোনো ক্রিমিনাল মিস (বিবিধ) মামলা নিষ্পত্তি হয়েছে। একই সঙ্গে রিট মোশন বেঞ্চগুলোতে নিষ্পত্তি হয়েছে ২৩টি পুরোনো রিট মামলা।

প্রধান বিচারপতির নির্দেশনায় গত ৭ মে থেকে প্রতি সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির এই বিশেষ কার্যক্রম শুরু হয়।

পরিসংখ্যান তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরাতন মামলা নিষ্পত্তি কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত আট কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ২৭ হাজার ৯৩৯টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৯০৭টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি হয়েছে।

সব মিলিয়ে গত আট দিনে মোট ৩৪ হাজার ৮৪৬টি পুরোনো মামলা নিষ্পত্তি হওয়ার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

মামলা জট নিরসনে এই পদক্ষেপের কথা তুলে ধরে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুলসংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হচ্ছে।

গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চগুলোর বিচারপতিরা পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে এই কার্যক্রম শুরু করেন।

জনস্বার্থে পুরোনো মামলা নিষ্পত্তির এই কার্যক্রম আগামীতেও “অব্যাহত থাকবে” বলে সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সাবেক সচিব জিয়াউল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব
ছবি : সংগৃহীত
রাষ্ট্রদ্রোহ মামলা শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি