• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বন্যা পরিস্থিতিতে স্থগিত রুনা লায়লার সম্মাননা অনুষ্ঠান

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ জুলাই ২০২৬, ০১:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলমান বন্যা পরিস্থিতির কারণে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার নির্ধারিত অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আয়োজনটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে রুনা লায়লা জানান, ১৮ জুলাই অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করা হলেও বন্যা পরিস্থিতির কারণে সেটি আপাতত হচ্ছে না। পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নতুন তারিখ ঘোষণা করবে।

এদিকে, শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি মাসের মধ্যেই অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ২৫ জুলাই নতুন তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে দেশের পরিস্থিতির ওপর।

এরই মধ্যে অস্ট্রেলিয়ায় দুটি কনসার্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন রুনা লায়লা। আগামী  ১ আগস্ট সিডনি এবং ৮ আগস্ট মেলবোর্নে তার দুটি একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ার মঞ্চে গান পরিবেশন করবেন এই কিংবদন্তি শিল্পী। এজন্য ২৯ জুলাই সঙ্গীতশিল্পীদের নিয়ে তার সিডনির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেই কারণেই বিদেশ সফরের আগেই সম্মাননা অনুষ্ঠানটি আয়োজন করতে চায় শিল্পকলা একাডেমি।

জানা গেছে, অনুষ্ঠানে রুনা লায়লা তার জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করবেন। পাশাপাশি দেশের সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা তার দীর্ঘ সংগীতজীবন নিয়ে স্মৃতিচারণ করবেন। ছয় দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে এটিই হবে তার প্রথম একক সংগীতানুষ্ঠান।

এই আয়োজন নিয়ে রুনা লায়লা বলেন, দীর্ঘ সংগীতজীবনের অভিজ্ঞতা ও গান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হলে শ্রোতাদের সঙ্গে একটি স্মরণীয় সন্ধ্যা কাটাতে পারবেন।

উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গত বছর থেকে দেশের বরেণ্য সংগীতশিল্পীদের সম্মাননা ও একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই ধারাবাহিকতায় এর আগে সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীকে সম্মাননা জানানো হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হওয়ার কথা রয়েছে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বন্যার্তদের পাশে তৌসিফ
ছবি: সংগৃহীত
চীনে মুক্তির পরিকল্পনায় ‘রামায়ণ পর্ব ১’
ছবি: সংগৃহীত
দীপিকাকে নিয়ে ভাইরাল মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুজাম্মিল