মালয়েশিয়ায় ২৯০ বাংলাদেশিসহ আটক ৫০৩

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে পরিচালিত দেশব্যাপী অভিযানে ২৯০ জন বাংলাদেশিসহ মোট ৫০৩ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
সোমবার (১৩ জুলাই) ১৮টি স্থানে একযোগে চালানো এই অভিযানে বিভিন্ন সরকারি সংস্থার সদস্যরা অংশ নেন।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া প্রতিষ্ঠান এবং বিদেশিদের মাধ্যমে পরিচালিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিবাসন আইন কার্যকরভাবে বাস্তবায়ন এবং অনিয়ম দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ, পুলিশ এবং স্থানীয় সরকারের প্রায় ৮৭৬ জন কর্মকর্তা দায়িত্ব পালন করেন। এ সময় নিয়োগকর্তা ও বিদেশি নাগরিক মিলিয়ে মোট ২ হাজার ২৬০ জনের পরিচয়পত্র ও অভিবাসনসংক্রান্ত নথি যাচাই করা হয়। যাচাই শেষে আইন লঙ্ঘনের অভিযোগে ৫০৩ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে সবচেয়ে বেশি ২৯০ জন বাংলাদেশি নাগরিক। এছাড়া মিয়ানমারের ১০১ জন, ইন্দোনেশিয়ার ৬৬ জন, নেপালের ৩৮ জন, ভারতের ৩৬ জন এবং অন্যান্য দেশের ১০ জন নাগরিক রয়েছেন। আটক ব্যক্তিদের বয়স ২১ থেকে ৫২ বছরের মধ্যে। তাদের মধ্যে ৯৫ জন নারীও রয়েছেন।
ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিবাসন-সংক্রান্ত অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কারও কাছে বৈধ কাগজপত্র ছিল না, কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। আবার কয়েকজন নির্দিষ্ট খাতের কর্মভিসা নিয়ে অনুমোদনের বাইরে অন্য খাতে কাজ করছিলেন, যা দেশটির অভিবাসন আইনের পরিপন্থী।
এদিকে তদন্তের স্বার্থে আরও ১২০ জনকে বিশেষ নোটিশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও নথিপত্র যাচাই শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের ইতোমধ্যে বিভিন্ন ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশজুড়ে দুই শতাধিক এলাকাকে অবৈধ অভিবাসন কার্যক্রমের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকার প্রায় অর্ধেকই ক্লাং ভ্যালি অঞ্চলে অবস্থিত।
ভিওডি বাংলা/জা








মন্তব্য