আবার ইরানি জাহাজে ট্রাম্পের অবরোধ আরোপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পঘোষণা দিয়েছেন, ইরানের জাহাজ ও সেগুলোর গ্রাহকদের লক্ষ্য করে আবারও অবরোধ (ব্লকেড) কার্যকর করবে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১৩ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, "হরমুজ প্রণালি খোলা আছে এবং ইরান থাকুক বা না থাকুক, এটি খোলাই থাকবে। আমরা 'ইরানি অবরোধ' পুনর্বহাল করছি। এর অর্থ হলো, শুধু ইরানের জাহাজ বা তাদের গ্রাহকদেরই প্রবেশ বা প্রস্থান করতে দেওয়া হবে না। অন্য সব দেশ ন্যায়সঙ্গত ও উন্মুক্তভাবে হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে।"
তিনি আরও বলেন, এখন থেকে যুক্তরাষ্ট্রকে "হরমুজ প্রণালির অভিভাবক" হিসেবে পরিচিত করা হবে।
ট্রাম্পের দাবি, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে যে ব্যয় হবে, তার ক্ষতিপূরণ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত সব ধরনের পণ্যের ওপর ২০ শতাংশ হারে অর্থ পরিশোধ করতে হবে।
তিনি জানান, এই নতুন ব্যবস্থা বাস্তবায়নের প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণার আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি বাজার এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।
তবে ট্রাম্পের ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে অবরোধ বাস্তবায়নের পদ্ধতি বা ২০ শতাংশ অর্থ আদায়ের বিষয়ে বিস্তারিত কোনো নির্দেশনা প্রকাশ করা হয়নি।
সূত্র: বিবিসি
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য