দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে সন্ত্রাসীদের গুলিতে মো. ইয়াছিন (৪০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার পাঁচ বছর বয়সী মেয়েও আহত হয়েছে। নিহত ইয়াছিন নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. সুজায়েত উল্যার ছেলে।
মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, ইয়াছিন দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে তিনি নিজস্ব ব্যবসা পরিচালনার পাশাপাশি একটি বাড়িও তৈরি করেছিলেন। প্রায় এক বছর আগে তিনি স্ত্রী ও সন্তানদেরও দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান।
নিহতের বড় ভাই মো. নাসির জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাসার উদ্দেশ্যে রওনা হন ইয়াছিন। বাড়ির গেটের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, হামলার সময় ইয়াছিনের সঙ্গে থাকা পাঁচ বছর বয়সী মেয়েও আহত হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।
পরিবারের সদস্যরা জানান, ইয়াছিনের এমন আকস্মিক মৃত্যুতে তারা শোকাহত। তার মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে নোয়াখালীর সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি নিহতের বিষয়টি তিনি জানতে পেরেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হবে এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য