• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া

ভিওডি বাংলা ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ১০:৪১ পি.এম.
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া
ছবি: সংগৃহীত

বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে মালয়েশিয়া। দীর্ঘদিন ধরে চালু থাকা ‘কেস-বাই-কেস’ অনুমোদন ব্যবস্থা বাতিল করে সম্পূর্ণ অনলাইনভিত্তিক আবেদন ও অনুমোদন প্রক্রিয়া চালুর ঘোষণা দিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়।

রোববার (৬ জুলাই) রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আরামানান।

তিনি বলেন, এখন থেকে বিদেশি কর্মী কোটা অনুমোদনের জন্য কোনো নিয়োগকর্তাকে মন্ত্রণালয়ে এসে ব্যক্তিগতভাবে আবেদন বা তদবির করতে হবে না। সব আবেদন এফডব্লিউসিএমএস-এর মাধ্যমে অনলাইনে জমা, যাচাই ও নিষ্পত্তি করা হবে।

দাতুক সেরি আরামানান জানান, নতুন এই উদ্যোগের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি এবং দ্রুত সেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে মন্ত্রণালয়ে অপ্রয়োজনীয় ভিড় ও দীর্ঘসূত্রিতা কমবে।

তিনি আরো জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বিদেশি কর্মী ব্যবস্থাপনার ওয়ান স্টপ সেন্টার (ওএসসি) এখন থেকে মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো অনলাইনে আবেদন যাচাই-বাছাই করে তাদের সুপারিশ ওয়ান স্টপ সেন্টারে পাঠাবে। এরপর নির্ধারিত নীতিমালা অনুযায়ী কোটা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হবে।

মানবসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগে ম্যানুয়ালি জমা দেওয়া ৫৪৮টি প্রতিষ্ঠানের ২২ হাজার ৪৭৬টি কোটা আবেদনও নতুন এই ডিজিটাল ব্যবস্থার আওতায় নিষ্পত্তি করা হবে।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী বলেন, বিদেশি কর্মী নিয়োগের আগে নিয়োগকর্তাদের অবশ্যই মাই ফিউচার জবস-এ স্থানীয় নাগরিকদের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং অ্যামপ্লয়মেন্ট অ্যাক্ট ১৯৫৫-এর সেকশন ৬০ হাজার অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। স্থানীয় কর্মী পাওয়া না গেলে তবেই বিদেশি কর্মী নিয়োগের আবেদন করা যাবে।

তবে বিদেশি কর্মীদের কর্মসংস্থান পাস (অ্যামপ্লয়মেন্ট পাস) ও ওয়ার্ক পারমিট ইস্যুর চূড়ান্ত দায়িত্ব আগের মতোই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন থাকবে বলে জানান তিনি।

নতুন এ সিদ্ধান্তকে মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থাকে আরো আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগে এ ব্যবস্থার ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিহত শাহরিয়ার আহমেদ ইমন। ছবি: সংগৃহীত
সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের ফেরানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত
কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ জনের মৃত্যু