চীনে খামার থেকে পালিয়েছে ৯০০ সাপ

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংসি ঝুয়াং অঞ্চলে বন্যায় একটি সাপের খামার থেকে ৯০০ সাপ পালিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারী বৃষ্টিতে স্থানীয় একটি বাঁধ ভেঙে গেলে আশপাশের এলাকা প্লাবিত হয়ে ভারী বন্যা সৃষ্টি হলে খামারটি ক্ষতিগ্রস্ত হয়।
ইউনবিয়াও টাউনশিপের দেংওয়েই গ্রামের কমিটির প্রধান উ ঝি জানান, পালিয়ে যাওয়া সাপগুলোর বেশিরভাগই বিষহীন। তবে এরই মধ্যে এক গ্রামবাসী সাপের কামড়ে আহত হয়েছেন। তাকে হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
উ ঝি বলেন, ‘বন্যার পানিতে অধিকাংশ সাপ ভেসে গেছে। এখন ভাসমান আবর্জনার ওপর অল্প কিছু সাপ রয়েছে। এখন পর্যন্ত যেসব সাপ ধরা পড়েছে, তার বেশিরভাগই বিষহীন জলজ সাপ।’
ঘটনার পর পাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা স্বেচ্ছাসেবী সাপ ধরার দল গঠন করেছেন। তারা মাছ ধরার জালসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে সাপগুলো খুঁজে বের করে ধরার চেষ্টা করছেন।
স্থানীয় প্রশাসন সতর্ক করে জানিয়েছে, যাদের সাপ ধরার অভিজ্ঞতা বা প্রয়োজনীয় দক্ষতা নেই, তারা যেন নিজেরা সাপ ধরার চেষ্টা না করেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। উ ঝি বলেন, ‘শুধু অভিজ্ঞ ও প্রশিক্ষিত ব্যক্তিদেরই এসব সাপ ধরার দায়িত্ব নেওয়া উচিত।’
এদিকে হেংঝৌর স্থানীয় কর্তৃপক্ষ জরুরি চিকিৎসা প্রস্তুতি জোরদার করেছে। হাসপাতালে সাপের বিষের প্রতিষেধকের মজুত বাড়ানো হয়েছে। পাশাপাশি আঞ্চলিক হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের এনে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
এদিকে, পরিস্থিতি মোকাবিলায় চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় গুয়াংসিতে অতিরিক্ত ৩৬ হাজারের বেশি ত্রাণসামগ্রী পাঠিয়েছে।
ভিওডি বাংলা/আরআই/এফএ








মন্তব্য