আপনিও কি ঠিক আলুর মত?

আলুকে শুধু একটি সবজি হিসেবে দেখলে আসলে আলুকে অপমান করা হবে। বাঙালির রান্নাঘরে যদি কোনো উপাদানকে "সর্বজনীন নাগরিক" ঘোষণা করা হয়, তবে সেই সম্মানটা আলুই পাবে। কেননা আলুকে যেই রান্নাতেই দিন না কেন সহজেই মিশে যায়। মাছ, মাংস, সবজি, কাচ্চি সব জায়গাতেই তার উপস্থিতি। এক কথায় খাবারের স্বাদ বাড়াতে আলুর ভূমিকা অপরিসীম।
তেমনি মানবসমাজেও এমন আলু সদৃশ কিছু মানুষ আছেন। যাদের আপনি পাবেন সব আড্ডায়-আলোচনায়। এক কথায় সব যায়গায় তাদের অবাধ বিচরণ। দেখে মনে হবে "আহা, কি মিশুক ভালো মনের মানুষ"।
এই সহজে মিশে যাওয়াই একটা বড় "রেড ফ্ল্যাগ"। এক আড্ডায় একজনের প্রশংসা, আরেক আড্ডায় সেই মানুষকে নিয়েই সমালোচনা। তারা উভয় পক্ষের সামনেই বিশ্বস্ত। প্রতিটি গল্পেই তাদের আলাদা মুখ, আলাদা ভাষা। এ ধরনের ব্যক্তিত্ব আজ আপনার কাঁধে হাত রেখে আপনার পক্ষ নেবে, আর কাল অন্য কারোর সাথে একই আন্তরিকতায় আপনার বিরুদ্ধেই কথা বলবে। তাদের কাছে সত্যের চেয়ে সঙ্গ গুরুত্বপূর্ণ।এ ধরনের মানুষের সবচেয়ে বড় গুণ হলো বিশ্বাস অর্জন, আর সবচেয়ে বড় দূর্বলতা হলো সেই বিশ্বাস ধরে রাখতে না পারা।
জীবনে সবাইকে একসাথে খুশি রাখা কখনোই সম্ভব নয়। তাই যে মানুষ সব পক্ষের কাছেই ভালো থাকার চেষ্টা করে, তাকে একটু ভেবেই বিশ্বাস করুন।
ভিওডি বাংলা/ তা








মন্তব্য