• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সায়েদাবাদ হবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০১:৩৩ পি.এম.
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদে অভিযানে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদে অভিযানে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

সায়েদাবাদ বাস টার্মিনালকে শুধু সিটি টার্মিনাল হিসেবে ব্যবহার করা হবে। আর আন্তজেলা (ইন্টারডিস্ট্রিক্ট) বাস পর্যায়ক্রমে কাঁচপুরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে গুলিস্তান থেকেও বাস টার্মিনাল সরিয়ে নদীর ওপারে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদে অভিযান শেষে তিনি এসব কথা বলেন। 

আবদুস সালাম বলেন, সায়েদাবাদ একটি আধুনিক বাস টার্মিনাল হলেও দীর্ঘদিন এটি নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহার হয়নি। যাত্রী ওঠানামার কেন্দ্র হওয়ার পরিবর্তে এটি বাসের গ্যারেজ ও ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছিল। অথচ একটি বাস টার্মিনালের কাজ হলো দূরপাল্লার যাত্রীরা এখান থেকে বাসে উঠবেন, আবার বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা এখানে নেমে নিজ নিজ গন্তব্যে চলে যাবেন।

তিনি বলেন, ইতিমধ্যে টার্মিনাল পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং তা আরও জোরদার করা হবে। আপাতত একটি পরিবহন কোম্পানি সর্বোচ্চ একটি বা দুটি বাস অপেক্ষমাণ রাখতে পারবে। এর বাইরে কোনো বাস টার্মিনালে রাখা যাবে না। 

ডিএসসিসি প্রশাসক জানান, টার্মিনালে যান চলাচল আরও সুশৃঙ্খল করতে তিন দিক দিয়ে প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা করা হবে। পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা নির্ধারিত ব্যবস্থাপনায় ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। এরপর আর যেখানে-সেখানে বাস থামানো বা যাত্রী ওঠানামা করতে দেওয়া হবে না। ঢাকার বাইরে যাওয়া যাত্রীদের নির্ধারিত টার্মিনাল থেকেই বাসে উঠতে হবে।

তিনি বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়া রাজধানীতে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়। এ লক্ষ্যে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে একাধিক দফা আলোচনা হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রয়োজনে আরও আলোচনা হবে।

আবদুস সালাম জানান, টার্মিনালের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। প্রয়োজন হলে আরও বাড়ানো হবে। এসি বাসের জন্য আলাদা স্থান নির্ধারণের উদ্যোগও নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

টার্মিনালের ভেতরে অবৈধ দোকানপাটও উচ্ছেদ করা হবে বলে জানিয়ে তিনি বলেন, বৈধতার দাবি থাকলেও আগে সব দোকানপাট সরিয়ে নিতে হবে। পরে কাগজপত্র যাচাই করে প্রয়োজন অনুযায়ী শৃঙ্খলার মধ্যে ভেন্ডর বা হকারদের জন্য স্থান নির্ধারণ করা হবে।

অভিযানে কোনো জরিমানা করা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে ডিএসসিসি প্রশাসক বলেন, এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি। তবে নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনাল পুরোপুরি পরিষ্কার না হলে মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

অভিযানের পর আবার আগের মতো অবৈধ কার্যক্রম শুরু হওয়ার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, এবার সেই সুযোগ দেওয়া হবে না। টার্মিনাল পুরোপুরি শৃঙ্খলার মধ্যে আনা হবে।

তিনি আরও বলেন, সায়েদাবাদকে শুধু সিটি টার্মিনাল হিসেবে রাখা হবে এবং আন্তজেলা বাস কাঁচপুরে স্থানান্তর করা হবে। পাশাপাশি গুলিস্তান থেকেও টার্মিনাল নদীর ওপারে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রাজধানীর পরিবহন ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনার আশা প্রকাশ করেন তিনি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান স্মরণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত