• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০১:২৭ পি.এম.
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষমেলা উদ্বোধন করেন তারেক রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষমেলা উদ্বোধন করেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ, বনভূমি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্য নিয়ে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ দুই কর্মসূচির উদ্বোধন করেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা হয়। উদ্বোধনী পর্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন খাতে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক-২০২৫, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬ এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫ বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। একই সঙ্গে সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেকও বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে একটি করে জলপাই, জারুল ও নিম গাছের চারা রোপণ করেন। পরে তিনি পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত জাতীয় বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত চারা ও বনজ সম্পদ সম্পর্কে খোঁজখবর নেন।

শুধু রাজধানীতেই নয়, সারা দেশজুড়ে পর্যায়ক্রমে বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। ঢাকায় মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা ও পরিবেশ মেলার পাশাপাশি সাতটি বিভাগীয় শহরে ১৫ দিনব্যাপী, ৫৬টি জেলা সদরে সাত দিনব্যাপী এবং ২৯টি উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় বৃক্ষমেলায় অংশ নিয়েছে ১২০টি স্টল, যেখানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নার্সারি ও বন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করেছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির সার্বিক তদারকির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।

সরকার জানিয়েছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে জিআইএস, রিমোট সেন্সিং, ন্যাশনাল ট্রি ডাটাবেজ এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে বনায়ন কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। ডিজিটাল এই ব্যবস্থাপনার মাধ্যমে বৃক্ষরোপণের অগ্রগতি নিয়মিত মূল্যায়ন ও সংরক্ষণ সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রায় সাড়ে তিন লাখ নতুন সবুজ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি ১০ হাজার নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলারও লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এতে একদিকে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতি ও সবুজ উদ্যোক্তা তৈরিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বৃক্ষরোপণ কর্মসূচিকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথাও অনুষ্ঠানে তুলে ধরা হয়। ১৯৭৯ সালে তাঁর উদ্যোগে দেশের প্রথম জাতীয় বননীতি প্রণয়ন করা হয়। পরে ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে জাতীয় বৃক্ষমেলার সূচনা হয় এবং সামাজিক বনায়ন সম্প্রসারণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হয়।

বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রযুক্তিনির্ভর, টেকসই এবং পরিবেশবান্ধব বনায়ন ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

উল্লেখ্য, গত ১৩ জুন কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছিলেন। এবার জাতীয় পর্যায়ে পরিবেশ মেলা ও বৃক্ষমেলার উদ্বোধনের মধ্য দিয়ে সেই কর্মসূচিকে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হলো।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান স্মরণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস হেলিপ্যাডে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত
বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান