• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আশুরা নিয়ে শায়খ আহমাদুল্লাহর আবেগঘন স্ট্যাটাস

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ জুন ২০২৬, ০৩:২৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র আশুরাকে সামনে রেখে মুসলিম উম্মাহকে আত্মপরিচয় ও গৌরব পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। উদাসীনতা ঝেড়ে ইসলামের স্বাতন্ত্র্যবোধে ফিরে আসার তাগিদ দিয়ে দেওয়া তার এক ফেসবুক স্ট্যাটাস ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘ইসলামের স্বাতন্ত্র্যবোধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে এতটাই প্রগাঢ় ছিল যে- ইবাদতেও যেন ইহুদিদের অনুকরণ না হয়, সে জন্য তিনি সাহাবিদেরকে আশুরার দুইটি রোজা রাখতে বলেছিলেন। অথচ তাঁর অনুসারী দাবিদার হয়েও আজ আমরা জাগতিক সাধারণ বিষয় তো বটেই; জীবনবোধে, সংস্কৃতিতে, মূল্যবোধে- এমনকি বহু পাপাচারেও তাদের অন্ধ অনুকরণ করছি। শুধু তাই নয়, কখনো কখনো অন্ধ অনুকরণ করে গর্ববোধ করছি।’

তিনি আরও লেখেন, ‘এ যেন রাসুলের (সা.) সেই সতর্কবাণীরই জ্বলন্ত প্রতিচ্ছবি: তোমরা প্রতি বিঘতে ও প্রতি গজে পূর্ববর্তীদের অনুকরণ করবে। এমনকি তারা গুইসাপের গর্তে ঢুকলে তোমরাও ঢুকবে। সাহাবিরা জিজ্ঞেস করলেন, তারা কি ইহুদি-খ্রিস্টান? নবীজি (সা.) বললেন, তবে আর কারা? [বুখারি: ৩৪৫৬]’

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘খেয়াল করুন, এটি কোনো প্রশংসাসূচক হাদিস নয়। বরং এটি ভয়ংকর এক ভবিষ্যদ্বাণী। আসুন, যুগের স্রোতে বদলে না গিয়ে বরং যুগকেই বদলানোর চেষ্টা করি। যেভাবে মক্কার জাহিলিয়াতের বিরুদ্ধে একাই বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন আমাদের প্রিয় নবীজি (সা.)। উদাসীনতার পিঠে চাবুক মেরে আত্মপরিচয় ফিরিয়ে আনার এই লড়াইই হোক এবারের আশুরার অঙ্গীকার।’

এছাড়া পোস্টের মন্তব্যের ঘরে তিনি আরও লিখেছেন, ‘এই আশুরা থেকেই শুরু হোক উম্মাহর হারিয়ে যাওয়া গৌরব ও আত্মপরিচয় ফিরিয়ে আনার এক নতুন লড়াই।’

শায়খ আহমাদুল্লাহর এই স্ট্যাটাসটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টটিতে প্রায় ২০ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। পাশাপাশি এক হাজারেরও বেশি মানুষ এটি শেয়ার করেছেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আজকের নামাজের সময়সূচি
ছবি: সংগৃহীত
জুমার দিনের ৮ গুরুত্বপূর্ণ আমল
ছবি: সংগৃহীত
মহররমে যেসব কাজ থেকে বিরত থাকা উচিত