‘মেসি সর্বকালের সেরা’, মন্তব্যটি ভুয়া: রোনালদো

ফিফা বিশ্বকাপ চলার মধ্যেই লিওনেল মেসিকে নিয়ে প্রচারিত একটি মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। তবে এবার বিষয়টি কোনো স্বীকৃতি বা প্রশংসা নয়, বরং তার নামে ছড়িয়ে পড়া একটি ভুয়া উদ্ধৃতিকে কেন্দ্র করে।
ব্রাজিলিয়ান আরেক কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কখনোই লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে মন্তব্য করেননি।
রোমারিও সরাসরি প্রশ্ন করেন, ‘মেসি সর্বকালের সেরা এই কথার মানে কী?’ জবাবে হাস্যরসের সঙ্গেই পুরো বিষয়টি ব্যাখ্যা করেন রোনালদো। তিনি বলেন, নিজের নামে এমন বক্তব্য ছড়িয়ে পড়ায় তিনিও বিস্মিত হয়েছিলেন। তার ভাষায়, ‘আমি বুঝতেই পারছিলাম না কী হচ্ছে।’
এরপর তিনি জানান, বিষয়টি নিয়ে তার প্রতিনিধিরা বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে তথ্যের উৎস খুঁজে বের করার চেষ্টা করেন। রোনালদো বলেন, ‘আমরা সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করেছি, এই কথার উৎস কোথায়। পরে জানতে পারি, বার্সেলোনাভিত্তিক পত্রিকা মুন্দো দেপোর্তিভো আমার একটি ভুয়া সাক্ষাৎকার তৈরি করে প্রচার করেছিল। সেখানে আমার নামে বেশ কিছু উক্তি জুড়ে দেওয়া হয়েছিল।’
বিতর্কের সূত্রপাত হয় চলমান বিশ্বকাপে মেসি গোলসংখ্যায় রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার পর। সেই সময় বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো মেসিকে ‘সর্বকালের সেরা’ হিসেবে উল্লেখ করেছেন। সেখানে তার নামে ছড়িয়ে পড়া উদ্ধৃতিতে বলা হয়েছিল ‘বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করা উচিত এবং এই সত্য মেনে নেওয়া উচিত যে মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।’
তবে দ্রুতই রোনালদোর প্রতিনিধিরা বিষয়টিকে ভুয়া বলে প্রত্যাখ্যান করেন এবং জানান, সাবেক এই ব্রাজিলিয়ান তারকা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে কোনো সাক্ষাৎকারই দেননি।
এদিকে মেসিকে সর্বকালের সেরা না বললেও আর্জেন্টাইন মহাতারকার প্রতি রোনালদোর শ্রদ্ধা ও প্রশংসা বহুবার প্রকাশ পেয়েছে। বিশ্বকাপে তার গোলের রেকর্ড মেসি ভাঙার পর তিনি একটি ভিডিও বার্তায় অভিনন্দন জানান। সেখানে তিনি বলেন, ‘বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসার যোগ্য যদি কেউ থেকে থাকেন, তবে মেসিই তার জন্য একদম উপযুক্ত ব্যক্তি।’
এ ঘটনায় আবারও পরিষ্কার হলো—মেসির প্রতি শ্রদ্ধা প্রকাশ এবং তাকে সর্বকালের সেরা হিসেবে ঘোষণা করার মধ্যে পার্থক্য রয়েছে, যা এবার স্পষ্টভাবে তুলে ধরলেন দুইবারের বিশ্বকাপজয়ী এই তারকা।
বর্তমান বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন লিওনেল মেসি। তার দল ইতোমধ্যেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। অন্যদিকে ব্রাজিল এখনো গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে পারেনি এবং আজ স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা।
ভিওডি বাংলা/এমএস







