ভিডিও কেলেঙ্কারি
বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত

এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তার বরখাস্তের বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়, এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে, যা সংস্থার সুনাম ক্ষুণ্ন করেছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে এবং হাজিরার ভিত্তিতেই ভাতা প্রদান করা হবে।
এদিকে, বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে নৌপরিবহন মন্ত্রণালয়ের নজরে এলে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান তার বিরুদ্ধে দাপ্তরিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এরপরই মঙ্গলবার সকালে বরখাস্তের আদেশ জারি করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে মঙ্গলবার সকাল থেকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও এ কে এম আরিফ উদ্দিন ফোন রিসিভ করেননি।
ভিওডি বাংলা/এমএস







