ডিসি সারওয়ার দিলেন পাঁচ লাখ টাকা

শাহজালাল (র.) মাজারে পাঁচ লাখ টাকা দান করেছেন সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সোমবার (২২ জুন) বিকেলে মাজারের দানবাক্সে জমা হওয়া টাকার সঙ্গে মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসনের ফান্ড থেকে এই টাকা জমা দেন তিনি।
সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব সাংবাদিকদের বলেন, মাজারের দানবাক্সে জমা হওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা মাজারের সোনালী ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। সেই টাকার সঙ্গে ব্যক্তিগত তহবিল থেকে আরও ৫ লাখ টাকা দিয়েছেন। মাজারের অ্যাকাউন্টে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা দেওয়া হয়। এটা সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্টে জমা হয়েছে।
সাতশ’ বছরের প্রচলিত রীতি ভেঙে প্রথমবারের মতো শাহজালাল (রহ.) মাজারে জমা পড়া দানের টাকার হিসাব প্রকাশ্যে আনেন সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এই উদ্যোগ নিতে গিয়ে তিনি রোষানলে পড়েন। গত রোববার তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপরও তিনি দমে যাননি।
সোমবার (২২ জুন) বিকেলে দানবাক্স খুলে প্রকাশ্যে গণনার ব্যবস্থা করেন। চারঘণ্টায় গণনা শেষে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সগুলোতে ৪দিনে জমা পড়া অর্থ ও স্বর্ণালঙ্কারের হিসাব প্রকাশ করা হয়।
সন্ধ্যায় ওয়াকফ কর্মকর্তা সজল মিয়া ঘোষণা করেন, জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপন করা ৩টি ডেগ ও একটি দানবাক্স খুলে গণনায় নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা এবং ৭ আনা সোনা পাওয়া গেছে। এই টাকার সঙ্গে সারওয়ার আলম নিজে দান করেন আরও পাঁচ লাখ টাকা।
এদিকে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে দায়িত্ব থেকে সরানোর আদেশ জারি করে।
ভিওডি বাংলা/আরআর/বিন্দু







