রোমাঞ্চকর ফাইনালে জয়
ক্যারাম ট্রফি ঘরে তুলল বাকৃবি দল

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা ২০২৫-২৬ এর ছেলেদের দ্বৈত (ডাবলস) ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। প্রতিযোগিতার রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে শিরোপা ঘরে তোলে বাকৃবি দল।
প্রতিযোগিতায় দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে, যার মধ্যে অধিকাংশই ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বাকৃবির প্রতিনিধিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী রিয়াজ মাহমুদ ও মোহাম্মদ সিরাজুল ইসলাম।

বাকৃবি ক্যারাম দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. আনিছুর রহমান মজুমদার। দলের কোচ ছিলেন মো. শাহীন আলম ডন।
ফাইনাল ম্যাচের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ড. আনিছুর রহমান মজুমদার জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে অনুষ্ঠিত ফাইনালটিই ছিল সবচেয়ে উত্তেজনাপূর্ণ। প্রথম গেমে প্রতিপক্ষ দল তিনটি বোর্ডে এগিয়ে থাকলেও শেষ বোর্ডে প্রয়োজনীয় পয়েন্ট সংগ্রহ করে ম্যাচে সমতা ফেরায় বাকৃবি। দ্বিতীয় গেমেও কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত শিরোপা নিশ্চিত করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ড. আনিছুর রহমান মজুমদার আরও বলেন, “এই প্রথম আমি বিশ্ববিদ্যালয়ের কোনো দল নিয়ে ক্যাম্পাসের বাইরে প্রতিযোগিতায় অংশ নিয়েছি। প্রথমবারেই চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা সত্যিই আনন্দের। খেলোয়াড়রা অত্যন্ত আন্তরিক ও পরিশ্রমী ছিল। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে বিভিন্ন খেলাধুলায় বাকৃবি আরও সাফল্য অর্জন করবে।”
এদিকে, চ্যাম্পিয়ন দলের সদস্য রিয়াজ মাহমুদ ইতোমধ্যে বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের প্রাক-নির্বাচনী ক্যাম্পে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। নির্বাচিত হলে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগও পেতে পারেন তিনি।
ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত অনুশীলন ও যথাযথ পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও দক্ষ খেলোয়াড় গড়ে তোলা সম্ভব হবে। সাম্প্রতিক এই অর্জন বাকৃবির ক্রীড়া অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
ভিওডি বাংলা/আরাফাত হোসাইন/জা







