ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮৮ কোটি টাকার রাজস্ব বাজেট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জন্য ২০২৬-২৭ অর্থবছরে ১৮৮ কোটি ৪০ লাখ টাকার রাজস্ব বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির জন্য অনুমোদিত মোট ১২ হাজার ৩০০ কোটি ৪০ লাখ টাকার বাজেটের অংশ হিসেবে এ বরাদ্দ দেওয়া হয়েছে।
ইউজিসির ১৮৭তম পূর্ণ কমিশন সভায় নতুন অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়। অনুমোদিত বাজেট অনুযায়ী, ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য মোট ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির নিজস্ব পরিচালন ব্যয়ের জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দকৃত অর্থের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব ব্যয় এবং ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য নির্ধারণ করা হয়েছে।
গবেষণা কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি এবং ব্যয়ের দ্বৈততা কমাতে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাজেট ও ইউজিসির গবেষণা বাজেট একীভূত করা হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতের ২০০ কোটি টাকা ইউজিসির বাজেটে স্থানান্তর করা হয়েছে। ফলে ইউজিসির গবেষণা খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকা। এছাড়া বৈদেশিক স্কলারশিপ খাতে ১২ কোটি টাকা যুক্ত হওয়ায় এ খাতে মোট বরাদ্দ বেড়ে ২৩৮ কোটি টাকায় উন্নীত হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসিব মোহাম্মদ হাসনাইন বলেন, ইবি স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হলেও দেশের শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম রাজস্ব বাজেট পেয়েছে। শিক্ষার্থীদের আবাসন সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং চলমান উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা বিবেচনায় বিশ্ববিদ্যালয়টির জন্য আরও বড় বাজেট বরাদ্দ প্রয়োজন ছিল বলে তিনি মনে করেন। একই সঙ্গে অনুমোদিত বাজেটের স্বচ্ছ ও কার্যকর ব্যবহারের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, চলতি অর্থবছরে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকার রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় পেয়েছে ৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫০৩ কোটি ৪৭ লাখ টাকা, জাতীয় বিশ্ববিদ্যালয় ৪৮১ কোটি ৪৭ লাখ টাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা।
ভিওডি বাংলা/আ







