তদবিরে কান দিচ্ছেন না ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটারসহ বিভিন্ন পদে ২৪২ জন নিয়োগকে কেন্দ্র করে কঠোর নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে সিসি ক্যামেরা, ড্রোন এবং ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এ বছর প্রায় ২৪ হাজার আবেদনকারীর মধ্য থেকে ২০০ জন ফায়ার ফাইটার এবং ড্রাইভারসহ অন্যান্য পদে আরও ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। বর্তমানে নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা চলছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের উচ্চতা, ওজন, বুকের মাপ, ৪০০ মিটার দৌড়, পুশ-আপ এবং স্বাস্থ্য পরীক্ষাসহ একাধিক ধাপ অতিক্রম করতে হচ্ছে। প্রতিদিনের পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষার দিনই ফলাফল প্রকাশ করা হচ্ছে। এতে তদবির, প্রভাব বিস্তার বা অনৈতিক লেনদেনের সুযোগ থাকছে না। তবে নিয়োগ কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সুপারিশের চাপ মোকাবিলা করতে হচ্ছে সংশ্লিষ্টদের।
একই সঙ্গে চাকরি পাইয়ে দেওয়ার নামে কিছু প্রতারক চক্রও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
এ ধরনের তৎপরতা প্রতিরোধে প্রার্থীদের সতর্ক করা হচ্ছে এবং সংশ্লিষ্ট চক্রগুলোর বিরুদ্ধে নজরদারি জোরদার করা হয়েছে। কর্মকর্তারা জানান, অযোগ্য কোনো প্রার্থী যাতে নিয়োগ না পায়, সে জন্য প্রতিটি ধাপে কঠোর যাচাই-বাছাই করা হচ্ছে। মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি একটি বিশেষ পর্যবেক্ষণ দলও কাজ করছে। পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে কর্তৃপক্ষ বদ্ধপরিকর। তিনি বলেন, শারীরিকভাবে সক্ষম ও যোগ্য প্রার্থীদেরই বাছাই করা হবে এবং কোনো ধরনের সুপারিশ বা অনৈতিক প্রভাবের সুযোগ দেওয়া হবে না। জুলাই মাসে লিখিত পরীক্ষা এবং আগস্টে মৌখিক পরীক্ষা শেষে পুরো নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
ভিওডি বাংলা/আ







