বিশ্বকাপের অফিসিয়াল বল মহাকাশে পাঠিয়ে নাসার চমক

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল মহাশূন্যে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মহাকাশ অনুসন্ধান নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বাড়ানো এবং বিজ্ঞান ও ক্রীড়ার মধ্যকার সম্পর্ক তুলে ধরাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
নাসা এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে জানায়, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতেই তারা কাজ করছে, যাতে মহাকাশ গবেষণা কীভাবে ক্রীড়াবিজ্ঞান ও দৈনন্দিন জীবনের প্রযুক্তিগত উদ্ভাবনে ভূমিকা রাখে তা বোঝানো যায়।
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের হিউস্টনে আয়োজিত ফিফা ফ্যান ফেস্টিভালের অংশ হিসেবে নাসার এই প্রদর্শনী চলছে। সেখানে আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস)-এ পরিচালিত গবেষণা এবং আর্টেমিস মিশন সম্পর্কে দর্শনার্থীদের জানানো হচ্ছে।
আর্টেমিস কর্মসূচির লক্ষ্য হলো ভবিষ্যতে আবারও মানবজাতিকে চাঁদে পাঠানো।
নাসা ও ফুটবলের সম্পর্ক নতুন নয়। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিচালিত গবেষণার মাধ্যমে পাওয়া বৈজ্ঞানিক তথ্য ক্রীড়াবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে ফুটবলের বায়ুগতিবিদ্যা সম্পর্কিত গবেষণাও রয়েছে।
২০১৯ সালে আইএসএস-এর মাইক্রোগ্রাভিটি পরিবেশে ফুটবলের আচরণ নিয়ে একটি গবেষণা পরিচালিত হয়। সেখানে দেখা হয়, বলের ভরের বণ্টন কীভাবে তার গতি, ঘূর্ণন ও স্থিতিশীলতাকে প্রভাবিত করে।
এই গবেষণার ফলাফল ভবিষ্যতে বলের ভেতরে থাকা সেন্সর প্রযুক্তি এবং ম্যাচে বলের পারফরম্যান্স বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: ও গ্লোবো
ভিওডি বাংলা/আ







