প্রধানমন্ত্রীর চীন সফর
সামরিক ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্র সচিব

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে তিস্তা মহাপরিকল্পনা ও সামরিক সক্ষমতা বিকাশের ক্ষেত্রে নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, উজান থেকে আসা পানিপ্রবাহ ও সমন্বিত নদী ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশের একটি আলোচ্য বিষয় রয়েছে।
তিনি বলেন, আমি ধারণা করছি, সেই আলোচনা অনেক বিস্তৃত ও সম্প্রসারিত হবে। আপনারা যে প্রসঙ্গগুলো তুলেছেন, সেখানে তিস্তার আলোচনা তো হবেই বলে আমরা ধারণা করছি।
এ ছাড়া সামরিক সক্ষমতা বিকাশের ক্ষেত্রে চীনের সঙ্গে যে সম্পর্ক আছে সেটি নিয়েও বিস্তারিত আলোচনা হবে।
অপর এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব জানান, চীনের প্রেসিডেন্টের ঘোষিত চারটি বৈশ্বিক উদ্যোগে যুক্ত হওয়ার বিষয়টি বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি বলেন, আমরা সফরের পরে বলতে পারব যে ঠিক কতটি উদ্যোগে আমরা যোগ দিচ্ছি বা দিচ্ছি না। তবে আমরা নিশ্চিত করে বলতে পারি, এসব উদ্যোগকেই আমরা সাধুবাদ জানাই। বিশ্ব নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যে নতুন চিন্তাভাবনা, সেটিকে আমরা প্রশংসনীয় বলে মনে করি।
আগামী ২২ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভিওডি বাংলা/বিন্দু







