• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুন ২০২৬, ১০:৪৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

‘গণতন্ত্র ও মানুষ হত্যাকারী’ পরাজিত শক্তি আবার ফিরে আসার আশঙ্কা প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আমরা ফ্যাসিস্টকে পরাজিত করতে পেরেছি কিন্তু তাদের শিকড় রয়ে গেছে। সেই শিকড়কে সমূলে উৎপাটন করতে না পারলে আমরা আবারও গণতন্ত্র হারিয়ে ফেলব, আবারও দেশের মানুষ গুম-খুন-নিপীড়নের শিকার হবে।

শুক্রবার (১৯ জুন) রাতে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার অডিটরিয়ামে চিত্রকলা ও চিত্রশিল্পীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘লবেলিয়া’ আয়োজিত সাতদিনব্যাপী এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।

ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদকে সমূলে উৎপাটন করতে হলে দেশে একটি বিশাল শক্তিশালী কর্মীবাহিনীর প্রয়োজন উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে কত ধরনের রূপ আমরা দেখেছি অতীতে। আয়নাঘর তৈরি করে রিমান্ডের নামে অত্যাচার, পায়ের নখ তুলে ফেলা, আঙুলের নখ তুলে ফেলা হয়েছে। পুলিশ ভাইকে খুঁজতে গিয়ে ধরে আনার জন্য বোনের বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান চলছে, ভাইকে না পেয়ে সেই হলুদের অনুষ্ঠান থেকে বোনকে তুলে নিয়ে এসেছে।

তিনি বলেন, গণতন্ত্র ফেরাতে কী বিপদ গেছে আমরা কিন্তু ভুলে যাচ্ছি! আমরা ১৭ বছরের যে এই পৈশাচিকতা, আমরা ভুলে যাচ্ছি। এই ঘটনা এই দেশেই চলেছে, কিন্তু ২৪-এর ৫ আগস্টের অশেষ রহমতে পরিবর্তন এসেছে। আমার তো মনে আছে যখন সাংস্কৃতিক কর্মীরা, শিল্পীরা রাস্তায় নামল, সন্তানদের সাথে বাবা-মায়েরা নামল, আমি যেদিন গ্রেফতার হই ১৯ আগস্ট, শুক্রবার। বিএনপির একটি কর্মসূচি ছিল, প্রেসক্লাবের সামনে সমাবেশ। চারদিকে অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল হচ্ছিল। কিন্তু এর মধ্যেও ন্যাম ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে দেখি কিছু সাংস্কৃতিক কর্মী পথনাটক করছে, ‘গণতন্ত্র মুক্তি পাক’ লেখা ছিল।

তিনি বলেন, এই কর্মীরা কারা আমি জানি না—তারা কোন রাজনৈতিক দল করে কি না। কিছুক্ষণ তাদের সঙ্গে অবস্থান করে আমি প্রেসক্লাবে যাই, পরে সেখান থেকে গ্রেফতার হয়ে জেলে যাই। সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও সাহিত্যিকরা যখন নামে তখন জনগণের শক্তি প্রকাশ পায়—এটা প্রমাণ হয়েছে ৫ আগস্টের পরিবর্তনে। কিন্তু এখন আমাদের বসে থাকলে চলবে না, আবার পুনরুত্থান যেন না ঘটে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, টিটো এ ধরনের অনুষ্ঠান কেন করে আমি জানি না। তবে সে খুব ভালো ছেলে, দেশপ্রেমিক। সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া কম দেখা যায়, কিন্তু তার মধ্যে এটি কীভাবে এসেছে তা আমার জানা নেই।

রিজভী বলেন, একজন রাষ্ট্রনায়ক বলেছেন শত্রুপক্ষকে সমূলে উৎপাটন করতে হলে সাংস্কৃতিক কর্মীবাহিনী দরকার। একটি রাজনৈতিক দলের সাংস্কৃতিক কর্মীবাহিনী থাকলে শত্রুপক্ষকে পরাজিত করা সম্ভব। শিকড়সহ নির্মূল না করলে ফ্যাসিস্ট শক্তি আবারও ফিরে আসতে পারে।

তিনি বলেন, গণতান্ত্রিক চেতনার আবহে সবারই অবস্থান থাকা উচিত। কিন্তু যারা গণতন্ত্রকে হত্যা করে তাদের সঙ্গে সহাবস্থান কীভাবে সম্ভব? জার্মানিতে নাৎসিদের সুযোগ দিলে তারা আবার ক্ষমতায় আসত। তাই আমাদের দৃষ্টিভঙ্গি হতে হবে—সবাই কথা বলার অধিকার পাবে, কিন্তু হত্যাকারীর নয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট চরিত্রের অধিকারী। ৭ নভেম্বরের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের সুযোগ তৈরি করেছিলেন, যার ফলে তারা আবার রাজনীতিতে ফিরতে পেরেছিল। কিন্তু তারা সেই সুযোগের মূল্য দেয়নি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘লবেলিয়া’র কর্ণধার বেনজির আহমেদ টিটো। উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন একুশে পদকপ্রাপ্ত চারুকলার শিক্ষক ও চিত্রশিল্পী অধ্যাপক আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

ভিওডি বাংলা/এএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদকে বিনোদন কেন্দ্রে রুপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: ইসলামী আন্দোলন
সংসদকে বিনোদন কেন্দ্রে রুপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: ইসলামী আন্দোলন
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর