• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নজরুলের রাজনৈতিক দর্শন ও দেশপ্রেম ধারণের আহ্বান সেতুমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুন ২০২৬, ০৮:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর রাজনৈতিক দর্শন ও দেশপ্রেম ধারণ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নজরুল শুধু কবি নন, ছিলেন বহুমাত্রিক প্রতিভা ও প্রতিবাদী রাজনৈতিক চেতনার এক অনন্য কণ্ঠস্বর।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর রায়ের বাজারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে  আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 তিনি বলেন, নজরুল কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার, অভিনেতা, সৈনিক ও সাংবাদিক সব পরিচয়ে সমানভাবে সমৃদ্ধ ছিলেন। তবে তাঁর রাজনৈতিক অবস্থান ও আদর্শিক ভূমিকা তুলনামূলকভাবে কম আলোচিত।

মন্ত্রী বলেন, শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হলেও নজরুল ছিলেন চেতনায় ধর্মনিরপেক্ষ ও মানবতাবাদী। সীমিত প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যেও তাঁর জ্ঞান, সাহস ও সৃজনশীলতা তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।

তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের নানা অসংগতির বিরুদ্ধে নজরুলের প্রতিবাদী অবস্থানের কারণেই তাঁকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়েছে। তবে প্রশ্ন থাকে, জাতি হিসেবে আমরা তাঁকে কতটা ধারণ ও অনুসরণ করতে পেরেছি।

শেখ রবিউল আলম বলেন, নজরুলের রাজনৈতিক চিন্তার গভীরে যেতে হলে তাঁর সমাজতান্ত্রিক আদর্শ ও আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা বোঝা জরুরি। ১৯১৭ সালের রুশ বিপ্লব তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নজরুল ঘনিষ্ঠ ছিলেন মুজাফফর আহমেদ-এর সঙ্গে এবং সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। পরে তিনি কৃষক-শ্রমিক পার্টির সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলেও সফল হননি।

মন্ত্রী আরও বলেন, প্রতিবাদী চরিত্র ও ন্যায়ের পক্ষে অবস্থানের কারণে অনেক সময় রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয় না নজরুলের জীবনেও তার প্রতিফলন দেখা গেছে।

তিনি বলেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের পাশাপাশি নজরুল সশস্ত্র সংগ্রামের প্রয়োজনীয়তার কথাও বলেছিলেন, যা তাঁর রাজনৈতিক উপলব্ধির গভীরতা প্রকাশ করে।

আলোচনায় তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নই মূল লক্ষ্য হওয়া উচিত। ঐক্যবদ্ধভাবে কাজ না করলে জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমকে ভিত্তি করে রাজনীতি করেছেন। সেই চেতনা ধারণ করে স্থানীয় পর্যায়ের নেতাদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি বলেন, নজরুল ছিলেন জীবনের প্রতিটি পর্যায়ে দেশ ও মানুষের জন্য নিবেদিত একজন মানুষ। তাঁর রাজনৈতিক ও সামাজিক চেতনা ধারণ করাই আজকের সময়ের মূল শিক্ষা।

ভিওডি বাংলা/খতিব/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবি আল মুজাহিদী মারা গেছেন
কবি আল মুজাহিদী মারা গেছেন
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
সংসদে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত
রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা সংসদে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত