জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মহিলা কলেজ মিলনায়তনে বিভিন্ন জনহিতকর কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচির মধ্যে ছিল শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, পথশিশুদের মাঝে বিতরণ এবং গাছের চারা রোপণ।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার কুয়াশা উমায়ুন চৌধুরী এবং সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খান, যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. ফারুক আহমেদ, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, ড্যাবের সহপ্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, সরকারি মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজিম রুবায়েদ আফিফ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য মাহমুদুল হাসান এবং তিনটি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় ড. আব্দুল মঈন খান বলেন, ডা. জুবাইদা রহমান আপন মেধায় এবং মননে উদ্ভাসিত এক মহীয়সী নারী। তিনি এ জন্মদিনের আড়ম্বরতা বা জাঁকজমক আয়োজন সমর্থন করেন না। ডা. জুবাইদা রহমান মেধাবী প্রজন্ম তৈরিতে সব সময়ই জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন। আজকের এই জন্মদিনেও সেটাই প্রতিফলিত হয়েছে।
পরে কলেজ মাঠে একটি নিমগাছ রোপণ ও পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন ড. আব্দুল মঈন খান। এরপর হাফেজ ও পথশিশুদের মধ্যাহ্নভোজ পরিবেশন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন জানিয়েছে, জন্মদিন উপলক্ষে সব ধরনের আড়ম্বরতা পরিহার করে জনহিতকর ও দেশের কল্যাণমূলক কাজকে উৎসাহিত করেন ডা. জুবাইদা রহমান।
ভিওডি বাংলা/এএইচ/এফএ







