• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাটশিল্প বাঁচাতে হবে: শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ০৭:০৩ পি.এম.
ফাইল ছবি

দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প রক্ষা ও পুনরুজ্জীবনে সরকার এবং জনগণের প্রতি সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ‘পাটশিল্প রক্ষা, পাটশিল্পের শ্রমিকদের কর্মসংস্থান ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিতের দাবি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

শিমুল বিশ্বাস বলেন, “বর্তমানে দেশে ২৬৮টি পাটকলের মধ্যে মাত্র ৩১টি সরকারি, বাকি সব বেসরকারি। একসময় পাটকে ঘিরেই বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি ও রাজনৈতিক আন্দোলনের বিকাশ ঘটেছিল। কিন্তু ভুল পরিকল্পনা, অব্যবস্থাপনা ও দীর্ঘদিনের অবহেলায় সম্ভাবনাময় এই শিল্প আজ সংকটে পড়েছে।”

তিনি বলেন, “পাট শুধু বাংলাদেশের ঐতিহ্যের অংশ নয়, এটি পরিবেশবান্ধব একটি শিল্পও। প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব থেকে প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করতে বিশ্বজুড়ে পাটের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। গবেষকরাও পরিবেশ রক্ষায় পাটের বিকল্প হিসেবে এর সম্ভাবনার কথা তুলে ধরছেন।”

পাটশিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের দুর্দশার কথাও তুলে ধরেন শিমুল বিশ্বাস। তিনি বলেন, “শ্রমিকরাই দেশের উন্নয়ন ও উৎপাদনের প্রধান চালিকাশক্তি। তাদের অবদান ছাড়া দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। তাই পাটশিল্পকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি এ খাতের শ্রমিকদের কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

তিনি শ্রমিক নেতাদের প্রতি বিভেদ, হিংসা ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পাটশিল্পের সম্ভাবনা ও শ্রমিকদের ন্যায্য দাবি জনগণের সামনে তুলে ধরতে সংবাদমাধ্যমের সহযোগিতাও কামনা করেন।

শিমুল বিশ্বাস বলেন, “পাটের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। বিশ্ববাজারে আবারও পাটের চাহিদা বাড়বে। আমরা পাটের ভবিষ্যৎ ফিরিয়ে আনতে পারলে বাংলাদেশের অর্থনীতি ও শ্রমিক আন্দোলনের নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে।”

জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।

ভিওডি বাংলা/এএইচ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাখালীতে ককটেল ফাটিয়ে ছাত্রলীগের মিছিল
মহাখালীতে ককটেল ফাটিয়ে ছাত্রলীগের মিছিল
শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল
শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল
সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে জামায়াতের প্রতি আহ্বান যুবদল সভাপতির
সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে জামায়াতের প্রতি আহ্বান যুবদল সভাপতির