হত্যা মামলার আসামি ছাত্রদল নেতা সুমন পাটোয়ারী বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চাঁদপুর জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম ইসমাইল পাটোয়ারী এবং সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মো. সুমন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে সব ধরনের দলীয় সম্পর্ক থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে মান্নান পাটোয়ারী (৬৫) হত্যা মামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত সুমন পাটোয়ারীকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
উল্লেখ্য, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ভিওডি বাংলা/আ







