আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ

ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গেলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) তরুণকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। এ সময় প্রাণ বাঁচাতে পুলিশ গুলি চালালে দুজন গুলিবিদ্ধ হয়। সেখান থেকে মোট চারজনকে এ পর্যন্ত আটকের খবর পাওয়া গেছে। তারা হচ্ছে- রুবেল, আমির, কাশেম, মো. জয়। গুলিবিদ্ধ হয়েছেন, রুবেল ও আমির।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এ ঘটনা ঘটে।
আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আমি ও এসআই তরুণ আহত হয়েছি।
তিনি বলেন, আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি চালালে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ ছিনতাইকারীসহ মোট ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছে।
এদিকে ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে গ্রেপ্তার অভিযান।
ভিওডি বাংলা/এফএ







