• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি

বিনোদন ডেস্ক    ১৫ জুন ২০২৬, ০২:০৮ পি.এম.

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা জলি। এতদিন সংগঠনটির নির্বাচনে ভোটার হিসেবে অংশ নিলেও এবার কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

ইতোমধ্যে সহশিল্পীদের কাছে সমর্থন ও ভোট চাওয়া শুরু করেছেন তিনি। আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে শিবা শানু ও জয় চৌধুরী প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন জলি। 

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জলি বলেন, “আমি চলচ্চিত্রে অভিনয় করছি এবং সবসময় চেষ্টা করেছি দর্শকদের ভালো গল্পের সিনেমা উপহার দিতে। আমার অভিনীত বেশ কয়েকটি সিনেমা দর্শকদের ভালোবাসা পেয়েছে। প্রথম সিনেমা ‘অঙ্গার’ থেকেই যে ভালোবাসা ও অনুপ্রেরণা পেয়েছি, সেটিই আমাকে আজও চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত রেখেছে।”

তিনি আরও বলেন, “আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আমি কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করব। ইতোমধ্যে একজন প্রার্থী হিসেবে কাজ শুরু করেছি। শিল্পীরা আমাকে অনেক ভালোবাসেন, সেটা আমি সবসময় অনুভব করেছি। আমি শিল্পীদের জন্য দায়িত্ব নিয়ে কাজ করতে চাই। আপাতত কার্যকরী সদস্য হিসেবে জয়লাভের মধ্য দিয়েই সেই যাত্রা শুরু করতে চাই।”

উল্লেখ্য, ‘অঙ্গার’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে চিত্রনায়িকা জলির। এরপর ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ এবং ‘ডেঞ্জার জোন’সহ একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।

এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে অভিনয়ের পাশাপাশি সাংগঠনিক দায়িত্বেও নিজেকে সম্পৃক্ত করতে চান এই অভিনেত্রী।

ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবা শানুর হুমকি পেলেন সালমান শাহ’র মা
শিবা শানুর হুমকি পেলেন সালমান শাহ’র মা
আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের নাম সুন্দরপুর’
আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের নাম সুন্দরপুর’
‘কালকে অবসর নেব’, মজার মন্তব্য অক্ষয়ের
‘কালকে অবসর নেব’, মজার মন্তব্য অক্ষয়ের