হাসপাতালের ওপর থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডিতে একটি হাসপাতাল ভবন থেকে পড়ে আসমা ঝিলিক নামে এক অভিনেত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত আসমা ঝিলিক নাটক, চলচ্চিত্র ও মিউজিক ভিডিওর পরিচিত মুখ ছিলেন। তিনি চিত্রনায়ক শাকিব খানের অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন।
পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে সাইফুল্লাহ তাকে ভবনের ওপর থেকে ফেলে হত্যা করেছেন। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ওপর থেকে ফেলে দেওয়ার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল জানান, নিহতের ছোট ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।
তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে ওপর থেকে ফেলে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। তবে তদন্ত ও ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিনয়জগতে আসমা ঝিলিক বেশ কয়েকটি আলোচিত কাজের মাধ্যমে পরিচিতি পান। একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিওতে অভিনয়ের পাশাপাশি তিনি ‘রংবাজ’ চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া তার অভিনীত কয়েকটি চলচ্চিত্র বর্তমানে নির্মাণাধীন রয়েছে।
ভিওডি বাংলা/আ







