• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিবা শানুর হুমকি পেলেন সালমান শাহ’র মা

বিনোদন প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০৯:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ নেই তিন দশক। কাটেনি রহস্যের ধোঁয়াশা। হঠাৎ নতুন মোড় নিয়েছে এই রহস্যময় মৃত্যুর ঘটনা। এর মধ্যেই এই নায়কের মা হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন অভিনেতা শিবা শানুর বিরুদ্ধে।

একদিকে মৃত্যুর দীর্ঘ ৩০ বছর পর অভিনেতার মরদেহ কবর থেকে উত্তোলনের আদালতের নির্দেশ, অন্যদিকে এই মামলার সাথে ঢাকার চলচ্চিত্রের খল অভিনেতা শিবা শানুর নাম জড়িয়ে পড়া—সব মিলিয়ে আলোচনা-সমালোচনার পারদ এখন তুঙ্গে।

এতদিন সালমান শাহ’র মৃত্যুর ঘটনায় ভিলেন ডন বা নায়িকা শাবনূরের মতো তারকাদের নাম আলোচনায় এলেও এবার দৃশ্যপটে হাজির হয়েছেন খল অভিনেতা শিবা শানু। সালমান শাহ’র মা নীলা চৌধুরীর সাম্প্রতিক এক বিস্ফোরক দাবি বিনোদন অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে।

নীলা চৌধুরীর অভিযোগ অনুযায়ী, শিবা শানু তাকে সরাসরি ফোন করে হুমকি দিয়েছেন এবং এই মামলা নিয়ে আর কোনো ঘাঁটাঘাঁটি বা 'নাচানাচি' না করার জন্য সতর্ক করেছেন। তিনি বলেন, 'শিবা শানু এটাও তো হারামজাদা। এটাও তো ওই গ্রুপেরই। আমাকে ফোন দিয়েছে, থ্রেড করেছে। আমাকে বলে যে, ছেলের মামলা নিয়ে এত নাচানাচি করতেছেন কেন? আপনার ছেলে তো আত্মহত্যা করছে। এইগুলো ক্লোজ করেন। এই হারামজাদাকে আমি জিজ্ঞাসাবাদে আনবো। আমিও তাকে বলছি, তুই কে? তাইলে তোরেও জিজ্ঞাসাবাদ করা হবে, তুই বলিস কেমনে কেমনে আত্মহত্যা করছে। তুমি কেমনে জানলে আত্মহত্যা করছে? তোমাকে কোর্টে বলতে হবে এটা।'

এই ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে—সালমান শাহ’র মৃত্যুর সময় যিনি চলচ্চিত্রেও আসেননি, সেই শিবা শানু কেন এত বছর পর আচমকা এই মামলা বন্ধ করার জন্য মরিয়া হয়ে উঠলেন? কেনই বা তিনি সালমান মাতার ওপর চাপ সৃষ্টি করছেন? নীলা চৌধুরীও তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, শিবা শানুকে তিনি ছাড়বেন না এবং তাকে অবশ্যই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে যে, তিনি কীভাবে নিশ্চিত হলেন এটি আত্মহত্যা ছিল। ঘটনার এই মোড় শিবা শানুর ভূমিকাকে গভীর সন্দেহের আবরণে ঢেকে দিয়েছে।

অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা এমন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন শিবা শানু। তিনি কালবেলাকে বলেন, 'এই পুরো বিষয়টি ভিত্তিহীন। সালমান শাহর মায়ের সাথে আমার জীবনে কখনো দেখাও হয়নি, ফোনেও কোনো কথা হয়নি। আপনারা এ বিষয়টি একটু খতিয়ে দেখুন আমার নাম করে অন্য কেউ এমন কাজ করছেন কি না।'

তিনি উল্লেখ করেন, সালমান শাহর মৃত্যুর পরেই তিনি চলচ্চিত্রে পা রাখেন। ফলে সালমানের সাথে তার কাজের কোনো সুযোগই ছিল না। এ ছাড়াও শিবা শানু বলেন, 'আপনারা সালমান শাহ'র মায়ের সঙ্গে কথা বলেন, তাকে যে নাম্বার দিয়ে কল করা হয়েছে সেই নাম্বার নিয়ে দেখেন আমার কি না? কল করা সেই নাম্বার নিয়ে যাচাই করুন নাম্বারটির মালিক কে? তাহলেই আসল সত্য বের হয়ে আসবে।'

এদিকে, মৃত্যুর এত বছর পর সালমান শাহ'র মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটনের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে পুনরায় লাশ উত্তোলন, সুরতহাল ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। কিন্তু আদালতের এই সিদ্ধান্তকে একেবারেই ইতিবাচকভাবে নিচ্ছেন না সালমানের মা নীলা চৌধুরী। তিনি একে সরাসরি ‘প্রহসন’ বলে আখ্যায়িত করেছেন।

নীলা চৌধুরীর মতে, এর আগের ময়নাতদন্তের সময়ই চিকিৎসক, পুলিশ ও সাংবাদিকরা স্পষ্ট দেখেছিলেন যে লাশ সম্পূর্ণ ঠিক ছিল। অথচ তখন 'লাশ গলে গেছে' বা বিকৃত হয়ে গেছে এমন অজুহাত দেখানো হয়েছিল, যা থেকেই প্রমাণিত হয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। তাই নতুন করে আবার লাশ উত্তোলনের কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না।

তিনি আবেগঘন ও বিস্ফোরক স্মৃতিচারণ করে জানান, অতীতের ময়নাতদন্তের সাথে যুক্ত চিকিৎসকরা চরম ভয়ের মুখে ছিলেন। মৃত্যুর আগে ডাক্তার মইনুল ইসলাম নাকি তার কাছে ক্ষমা চেয়ে স্বীকার করেছিলেন যে, তারা বাধ্য হয়ে আত্মহত্যার রিপোর্ট দিয়েছিলেন। এমনকী নারী চিকিৎসকের সন্তানকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। ফলে তখনকার তদন্ত যে প্রভাবশালীদের ইশারায় হয়েছিল, তা স্পষ্ট।

নীলা চৌধুরীর দাবি, আদালত তো আগেই এটিকে হত্যাকাণ্ড হিসেবে রায় দিয়েছেন এবং আসামিদের গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছিল। এখন আবার নতুন করে লাশ তোলার প্রক্রিয়াকে তিনি সময়ক্ষেপণ ও প্রহসন ছাড়া আর কিছুই মনে করছেন না। দেশের ১৮ কোটি মানুষ এই নাটক মেনে নেবে না উল্লেখ করে তিনি জানান, আইনি চিঠি পাওয়ার পর তিনি তার নিজস্ব প্রক্রিয়ায় এর জবাব দেবেন।

সালমান শাহ’র মৃত্যু রহস্যের জট খুলবে নাকি নতুন এই বিতর্কের বেড়াজালে তা আরও বেশি আটকে যাবে, তা সময়ই বলে দেবে। তবে শিবা শানুর বিরুদ্ধে ওঠা এই হুমকি দেওয়ার অভিযোগ এবং সালমান মাতার অনড় অবস্থান এই মামলাকে যে এক নতুন ও জটিল সমীকরণের দিকে ঠেলে দিয়েছে, তা নিশ্চিত।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুরুতর অসুস্থ নির্মাতা কাজল আরেফিন অমি
গুরুতর অসুস্থ নির্মাতা কাজল আরেফিন অমি
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন ওয়াহিদ
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন ওয়াহিদ
৩০ বছর পর সালমান শাহ’র মরদেহ উত্তোলনের নির্দেশ
৩০ বছর পর সালমান শাহ’র মরদেহ উত্তোলনের নির্দেশ