• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তৃণমূল থেকে ফুটবলার গড়ে তোলার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুন ২০২৬, ০৫:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, মাঠ পর্যায় থেকে খেলোয়াড় তৈরি ও তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আরও উন্নত হবে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।

শনিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যখন এই ধরনের প্রচেষ্টা হয়, আমার মনে পড়ে যে আমি একসময় বহু কষ্ট করে ঢাকার পায়োনিয়ার লীগ শুরু করেছিলাম এবং ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-১৬ ন্যাশনাল শুরু করেছিলাম। সেখান থেকে বাছাই করে যে খেলোয়াড়রা উঠে এসেছিল, তাদের মধ্যে খান, কায়সার হাবিব, সাব্বির, রুমি, মুন্না—এরকম অনেক খেলোয়াড় রয়েছে।

তিনি আরও বলেন, এবার যে স্ট্রিম নেওয়া হয়েছে, সেখান থেকে যদি বাছাই করে খেলোয়াড়দের লং-টার্ম প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, তাহলে বাংলাদেশ জাতীয় দল আরও শক্তিশালী হবে।

ঢাকার ফুটবল কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ঢাকার ফুটবল ক্লাবগুলোকে আরও চাঙ্গা করতে হবে, তাদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে এবং ঢাকায় বেশি বেশি ফুটবল আয়োজন নিশ্চিত করতে হবে এবং জাতীয় স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলার আয়োজন বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ঢাকার দর্শকপ্রিয়তা হারিয়ে যাচ্ছে। ঢাকার খেলা যতই ফিফার কারণে বাইরে হোক, ঢাকায় যদি খেলা না হয় তাহলে খেলাধুলার মান উন্নত হবে না।

অতীত স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় ফুটবল থেকে ক্লাবগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হতো, এমনকি ক্রিকেটেও সহায়তা করা হতো। কিন্তু বর্তমানে সেই ধারাবাহিকতা অনেকটাই কমে গেছে।

ফুটবল ফেডারেশনের সভাপতির দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বর্তমান ফুটবলের অগ্রগতি ধরে রাখতে হলে মাঠ পর্যায়ে জোর দিতে হবে এবং ঢাকার ক্লাবগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে যাতে তারা নতুন খেলোয়াড় তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, আগে ঢাকার প্রতিটি ক্লাব নিয়মিত নতুন খেলোয়াড় তৈরি করত, কিন্তু বর্তমানে দীর্ঘদিন ধরে সেই ধারা আর দেখা যাচ্ছে না।

প্রশাসক উল্লেখ করেন, ক্রীড়ামন্ত্রী একজন সাবেক জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন হওয়ায় তিনি আশাবাদী যে দেশের ফুটবল আরও গতিশীল হবে।

শেষে তিনি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ভিওডি বাংলা/খতিব/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতিতে ডুবেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর , শিক্ষক বদলি করবে মাঠপ্রশাসন
দুর্নীতিতে ডুবেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর , শিক্ষক বদলি করবে মাঠপ্রশাসন
দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের
দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের
লড়াই করেছি, প্রয়োজনে আরও লড়াই করব: আবদুস সালাম
লড়াই করেছি, প্রয়োজনে আরও লড়াই করব: আবদুস সালাম