মিসরের জার্সিতে সাত তারকা, আপত্তি ফিফার

বিশ্বকাপ শুরুর আগেই জার্সি নিয়ে বিপাকে পড়েছে মিসর। আফ্রিকান নেশন্স কাপের সাতটি শিরোপার স্মারক হিসেবে জার্সিতে থাকা সাত তারকা সরিয়ে ফেলতে দেশটিকে নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফুটবলে জাতীয় দলের জার্সিতে তারকা সাধারণত বিশ্বকাপ জয়ের সংখ্যাকে নির্দেশ করে। ব্রাজিলের জার্সিতে রয়েছে পাঁচটি, জার্মানি ও ইতালির জার্সিতে চারটি এবং আর্জেন্টিনার জার্সিতে তিনটি তারকা। তবে বিশ্বকাপে কখনো শিরোপা না জিতলেও মিসরের জার্সিতে ছিল সাতটি তারকা, যা তাদের আফ্রিকান নেশন্স কাপের সাতটি শিরোপার প্রতিনিধিত্ব করে।
ফিফার নতুন নির্দেশনা অনুযায়ী, বিশ্বকাপের জার্সিতে কেবল বিশ্বকাপ-সংশ্লিষ্ট সাফল্যের প্রতীক হিসেবে তারকা ব্যবহার করা যাবে। ফলে আফ্রিকান নেশন্স কাপের শিরোপার স্মারক হিসেবে থাকা সাত তারকা সরিয়ে ফেলতে হচ্ছে মিসরকে।
শুধু তারকাই নয়, জার্সির নম্বরের রঙ নিয়েও আপত্তি জানিয়েছে ফিফা। সংস্থাটি মিসরকে সোনালি রঙের পরিবর্তে সাদা রঙে নম্বর ব্যবহার করার পরামর্শ দিয়েছে। ফিফার মতে, সাদা রঙের নম্বর দর্শক ও কর্মকর্তাদের জন্য বেশি দৃশ্যমান এবং সহজে শনাক্তযোগ্য।
এর আগে হাইতির জার্সিতেও পরিবর্তনের নির্দেশ দিয়েছিল ফিফা। সে সময় জার্সিতে রাজনৈতিক বার্তা থাকার অভিযোগ তুলেছিল সংস্থাটি।
এবারের বিশ্বকাপে মিসর খেলবে ‘সি’ গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ ইরান, নিউজিল্যান্ড ও বেলজিয়াম। নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে আফ্রিকার অন্যতম সফল দলটি।
ভিওডি বাংলা/আ







