যুবদল নেতা মাসুদুলকে হত্যার খবরে ফুঁসে উঠেছে রাউজান-রাঙ্গুনিয়া

চট্টগ্রামের রাউজানে মাকসুদুল হক চৌধুরী মাসুদ নামে স্থানীয় উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যার খবর ছড়িয়ে পড়ার পর রাঙ্গুনিয়া ও রাউজানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। দিনেদুপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে মাসুদুলকে হত্যার বিষয়ঢটি তারা মেনে নিতে পারছেন না।
শনিবার (১৩ জুন) দুপুরে এই হত্যাকাণ্ডের পর কাপ্তাই সড়কের ইছাখালী (রাঙ্গুনিয়া) ও পাহাড়তলী (রাউজান) এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। দুপুর ১টার পর থেকে কাপ্তাই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫) রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি রাঙ্গুনিয়ার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেতাগী ইউনিয়ন থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে রাউজানের পাহাড়তলী চৌমুহনীতে অবস্থানকালে মাসুদকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এলাকাবাসীর ধারণা, বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
বিক্ষোভকারীদের ভাষ্য, এ জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের আন্দোলন ও সড়ক অবরোধ অব্যাহত থাকবে। তবে মানবিক কারণে শুধুমাত্র অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহনগুলো ছেড়ে দেওয়া হচ্ছে।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
বিকাল ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কাপ্তাই সড়কের দুই উপজেলার সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং নেতাকর্মীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভিওডি বাংলা/আরআর/আ







