• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ক্রিকেটার নাঈমকে মারধর

দুঃখপ্রকাশ করে দায় সারলেন সিএমপি কমিশনার

চট্টগ্রাম প্রতিনিধি    ১৩ জুন ২০২৬, ০৬:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসানকে মারধরের ঘটনায় দুঃখপ্রকাশ করে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার শওকত আলী।

শনিবার (১৩ জুন) সিএমপি কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সিএমপি। নাঈম হাসানের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনেছি। বিষয়টি জানার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি স্বীকার করেন, ঘটনাটিতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের আচরণ পেশাদারসুলভ ছিল না। পুলিশের কোনো সদস্য যদি অপেশাদার আচরণ করেন, তাহলে তার দায় ব্যক্তিগতভাবে তাকেই বহন করতে হবে এবং বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

শওকত আলী বলেন, সাময়িক বরখাস্ত হওয়া দুই সদস্য হলেন- এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল রাশেদ। এছাড়া অভিযানে অংশ নেওয়া পুরো টিমের বিরুদ্ধেই বিভাগীয় মামলা করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে কোনো অবৈধ বস্তু পরিবহনের তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট সিএনজিচালিত অটোরিকশাটি থামানো হয়েছিল। তবে তথ্যের সত্যতা যাচাই বা দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশকে অবশ্যই পেশাদার আচরণ করতে হয়। সেই জায়গায় ব্যত্যয় ঘটেছে কি না, সেটিই তদন্তে খতিয়ে দেখা হবে।

পুলিশের সোর্স পরিচয়ে একজন ব্যক্তি নাঈম হাসানকে মারধর করেছে, এমন অভিযোগের বিষয়ে শওকত আলী বলেন, ওই ব্যক্তিকে ইতোমধ্যে আটক করা হয়েছে। পুলিশের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে কমিশনার শওকত আলী বলেন, দেশের প্রতিটি নাগরিকের আইনি সুরক্ষা পাওয়ার সমান অধিকার রয়েছে। আমি নিজেও এ ঘটনার জন্য দুঃখিত। বাংলাদেশ পুলিশ কখনোই অপেশাদার আচরণকে প্রশ্রয় দেয় না এবং কোনো সদস্যের ব্যক্তিগত অনিয়মের দায় পুলিশ বিভাগ নেবে না।

এর আগে শুক্রবার (১২ জুন) রাতে নগরের লালখান বাজার এলাকায় ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে আটক করে মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তাকে থানায় নিয়ে হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ দেখা দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বপ্নের শুরু যুক্তরাষ্ট্রের, প্রথমার্ধেই তিন গোল
স্বপ্নের শুরু যুক্তরাষ্ট্রের, প্রথমার্ধেই তিন গোল
যুক্তরাষ্ট্রেও হয়ে গেলো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
যুক্তরাষ্ট্রেও হয়ে গেলো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করল কানাডা
ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করল কানাডা