• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সীতাকুণ্ড জামায়াতের আমির মিজানুর রহমান আর নেই

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৩ জুন ২০২৬, ১০:২০ এ.এম.
জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মিজানুর রহমান আর নেই। দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত থাকার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

শুক্রবার (১২ জুন) ভোররাতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শারীরিক অবস্থার অবনতি ঘটায় কয়েকদিন আগে তাকে উন্নত চিকিৎসার জন্য সেখানে ভর্তি করা হয়েছিল। এর আগে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মিজানুর রহমান সীতাকুণ্ড পৌরসভার পেশকারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মরহুম আপলাতুন ইসলামের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি একজন শিক্ষাবিদ হিসেবে পরিচিত ছিলেন। উপজেলার পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান মাদ্রাসায় সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তার মৃত্যুর খবরে সীতাকুণ্ডসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক সহকর্মী, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় বাসিন্দারা তার অবদানের কথা স্মরণ করছেন।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, মিজানুর রহমান একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যু সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিনের অসুস্থতার মধ্যেও তিনি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতি আন্তরিক ছিলেন।

এদিকে তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা

 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পের সেফটি ট্যাংক থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার
রোহিঙ্গা ক্যাম্পের সেফটি ট্যাংক থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নারীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার প্রস্তাব বাজেটে রয়েছে: বিমান মন্ত্রী
নারীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার প্রস্তাব বাজেটে রয়েছে: বিমান মন্ত্রী
মানিকগঞ্জে অস্তিত্বহীন বিদ্যালয়ের নামে ২৭ লাখ টাকা লুট
মানিকগঞ্জে অস্তিত্বহীন বিদ্যালয়ের নামে ২৭ লাখ টাকা লুট