• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাজেট বাস্তবায়নে জরুরি স্বচ্ছতা জবাবদিহিতার তাগিদ এমডব্লিউইআরের

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুন ২০২৬, ১১:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামগ্রিকভাবে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস (এমডব্লিউইআর)। তবে বাজেটের সফলতা নির্ভর করবে বাস্তবায়নের ওপর, আর সে ক্ষেত্রে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে সংগঠনটি।

শনিবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমডব্লিউইআরের যুগ্ম আহ্বায়ক এনায়েত উল্লাহ শরীফ (কৌশিক) এবং অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ মন্তব্য করেন।

সংগঠনটির নেতারা বলেন, বর্তমান সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট হওয়ায় এটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা ছিল। জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার যে বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন, সেখানে জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের প্রতিফলন দেখা গেছে।

তারা জানান, জাতীয় বাজেট ঘোষণার আগে গত ২০ মে এমডব্লিউইআর ‘জাতীয় স্বপ্নবাজেট’ শীর্ষক একটি প্রস্তাবনা উপস্থাপন করেছিল। সেই প্রস্তাবনায় উত্থাপিত বেশ কয়েকটি সুপারিশ সরকারের বাজেটে অন্তর্ভুক্ত হওয়ায় সংগঠনটি সন্তোষ প্রকাশ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাল, গম, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ওপর উৎস কর হ্রাস এবং মোবাইল সিমে আরোপিত কর প্রত্যাহারের সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা বহন করে। তবে বর্তমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে বাজার নিয়ন্ত্রণ ও জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ প্রত্যাশিত ছিল।

এমডব্লিউইআরের মতে, করজাল সম্প্রসারণের উদ্যোগ প্রয়োজনীয় হলেও তা যেন নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কর আদায়ের ক্ষেত্রে ন্যায্যতা ও ভারসাম্য বজায় রাখারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ গ্রহণের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এমডব্লিউইআর। সংগঠনটির মতে, অতিরিক্ত সরকারি ঋণ গ্রহণ বেসরকারি খাতের বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সংকুচিত করতে পারে।

তাদের ভাষ্য, অর্থনীতিকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করতে হলে ব্যাংক ঋণের ওপর নির্ভরশীলতা কমিয়ে রাজস্ব আদায়ের কাঠামোকে আরও আধুনিক, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করতে হবে। একই সঙ্গে কর ফাঁকি রোধ ও রাজস্ব ব্যবস্থাপনায় জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সংগঠনটি শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দকে বাজেটের অন্যতম ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেছে। জিডিপির প্রায় ২ শতাংশ সমপরিমাণ এই বরাদ্দ দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন নেতারা।

তবে তারা বলেন, কেবল অর্থ বরাদ্দ বৃদ্ধি করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। শিক্ষাক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও অপচয় রোধ, প্রকল্প বাস্তবায়নে গতি বৃদ্ধি এবং কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে। অন্যথায় বড় অঙ্কের বরাদ্দও প্রত্যাশিত সুফল বয়ে আনতে ব্যর্থ হতে পারে।

বিজ্ঞপ্তিতে বিচার বিভাগ সম্পর্কেও বিশদ মূল্যায়ন তুলে ধরা হয়েছে। এমডব্লিউইআরের মতে, আইন ও বিচার বিভাগের মোট বরাদ্দ কিছুটা বৃদ্ধি পেলেও উন্নয়ন খাতে বরাদ্দ কমে যাওয়াটা উদ্বেগজনক।

তথ্য অনুযায়ী, বিচার বিভাগের উন্নয়ন ব্যয় আগের অর্থবছরের ২৬৫ কোটি ৮৫ লাখ টাকা থেকে কমে ১৮৮ কোটি ৭২ লাখ টাকায় নেমে এসেছে। এমন সময়ে এই কাটছাঁট করা হয়েছে, যখন দেশের আদালতগুলোতে বিপুল সংখ্যক মামলা দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

সংগঠনটি মনে করে, নতুন আদালত ভবন নির্মাণ, বিদ্যমান আদালতের অবকাঠামো সম্প্রসারণ, বিচারকের সংখ্যা বৃদ্ধির ফলে প্রয়োজনীয় এজলাস নিশ্চিতকরণ, ডিজিটাল কোর্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং বিচারকদের আবাসন ও নিরাপত্তা সুবিধা উন্নয়নে উন্নয়ন ব্যয়ের বিকল্প নেই।

এমডব্লিউইআরের নেতারা বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের বিপরীতে বিচার বিভাগের জন্য বরাদ্দের হার অত্যন্ত সীমিত। যদিও নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বর্তমান বরাদ্দ গ্রহণযোগ্য হতে পারে, তবে আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর বিচারব্যবস্থা গড়ে তুলতে আরও বড় বিনিয়োগ প্রয়োজন।

তাদের মতে, মামলা জট কমানো, দ্রুত বিচার নিশ্চিত করা এবং বিচারপ্রার্থীদের সেবা সহজলভ্য করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিচার বিভাগের উন্নয়ন খাতে বরাদ্দ পুনর্বিবেচনা করা উচিত।

ভিওডি বাংলা/জা


 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
একদিনের সফরে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
একদিনের সফরে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ
বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ