• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধর্ষণ মামলা থেকে বাঁচতে শিবির নেতার ‘নিখোঁজ’ নাটক, দাবি পুলিশের

কুমিল্লা প্রতিনিধি    ১৩ জুন ২০২৬, ০৯:৫৪ এ.এম.
অভিযুক্ত জিসান মিয়া প্রধান। ছবি : সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণ এবং পরবর্তীতে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা পুলিশ।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, গত ২০ মে দাউদকান্দির একটি ভাড়া বাসায় ভুক্তভোগী তরুণীকে নিয়ে যান জিসান মিয়া প্রধান। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে ওষুধ প্রয়োগের মাধ্যমে গর্ভের ভ্রূণ নষ্ট করতে বাধ্য করা হয় বলেও মামলায় দাবি করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ঘটনার পর তিনি জিসানের কাছে বিয়ের জন্য চাপ দিলে প্রথমে তিনি সম্মতি প্রকাশ করলেও পরে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করতে থাকেন এবং শেষ পর্যন্ত বিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে গত বৃহস্পতিবার তিনি হঠাৎ করে আত্মগোপনে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ সময় অভিযুক্তের চাচাতো ভাই রাসেল আহমেদের মাধ্যমে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাকে ‘নিখোঁজ’ দেখানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, বিষয়টি অপহরণ বা জোরপূর্বক নিখোঁজ হওয়ার কোনো প্রমাণ তদন্তে পাওয়া যায়নি।

নিখোঁজ থাকার প্রায় ২৪ ঘণ্টা পর শুক্রবার রাতে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসান মিয়া প্রধানকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দাউদকান্দি মডেল থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) সামছুল আলম জানান, প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত কোনো অপহরণের তথ্য পাওয়া যায়নি। বরং ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত ও প্রতারণামূলক একটি ঘটনার কারণে অভিযুক্ত ব্যক্তি নিজেই আত্মগোপনে ছিলেন।

তিনি আরও বলেন, “এ ঘটনায় এক নারী বাদী হয়ে ধর্ষণ, গর্ভপাত ঘটানোসহ বিভিন্ন অভিযোগে মামলা করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযুক্ত জিসান মিয়া প্রধান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। এছাড়া তিনি সংগঠনটির কুমিল্লা পশ্চিম জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মামলার অভিযোগগুলোর সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মামলায় আনা অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন অবস্থায় রয়েছে। এ বিষয়ে অভিযুক্তের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পের সেফটি ট্যাংক থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার
রোহিঙ্গা ক্যাম্পের সেফটি ট্যাংক থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নারীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার প্রস্তাব বাজেটে রয়েছে: বিমান মন্ত্রী
নারীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার প্রস্তাব বাজেটে রয়েছে: বিমান মন্ত্রী
মানিকগঞ্জে অস্তিত্বহীন বিদ্যালয়ের নামে ২৭ লাখ টাকা লুট
মানিকগঞ্জে অস্তিত্বহীন বিদ্যালয়ের নামে ২৭ লাখ টাকা লুট