• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মানিকগঞ্জে অস্তিত্বহীন বিদ্যালয়ের নামে ২৭ লাখ টাকা লুট

মানিকগঞ্জ প্রতিনিধি    ১৩ জুন ২০২৬, ০৫:১৭ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বাস্তবে অস্তিত্বহীন একটি প্রাথমিক বিদ্যালয়ের নামে সরকারি প্রায় ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ‘ছয়আনীগালা নুরুজ্জামান বিশ্বাস প্রাথমিক বিদ্যালয়’ নামে একটি ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারের অর্থ উত্তোলন করা হলেও সেখানে কোনো বিদ্যালয়ের অস্তিত্ব নেই। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে প্রস্তাবিত স্থানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, হরিরামপুর উপজেলার ছয়আনীগালা এলাকায় ‘ছয়আনীগালা নুরুজ্জামান বিশ্বাস প্রাথমিক বিদ্যালয়’ নামে একটি প্রকল্প দেখিয়ে সরকারি বরাদ্দ নেওয়া হয়। তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের নামে কোনো অবকাঠামো বা শিক্ষা কার্যক্রম নেই। সেখানে একটি টিনের দোচালা ঘর ছাড়া বিদ্যালয়ের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নির্ধারিত স্থানে মাটি ভরাটের কাজ দেখিয়ে প্রায় ২৭ লাখ টাকা বরাদ্দ উত্তোলন করা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যায়, স্থানীয় সেলিম বিশ্বাস ও রতন বিশ্বাসের ব্যক্তিগত জমির মাটি এনে প্রস্তাবিত বিদ্যালয়ের মাঠ ভরাট করা হয়েছে। উন্নয়ন কাজ দেখিয়ে পুরো অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় নুরুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যক্তিমালিকানাধীন জমিতে মাটি ভরাটের ভুয়া কাজ দেখিয়ে সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার সবুজ সরাসরি জড়িত।

তিনি আরও বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়োজনীয়তা থাকলেও বাস্তবে বিদ্যালয় নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ বিদ্যালয়ের নামে সরকারি অর্থ বরাদ্দ দেখিয়ে তা আত্মসাৎ করা হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু বিক্রি করে নিজের টাকায় গ্রামের রাস্তা মেরামত করলেন যুবক
গরু বিক্রি করে নিজের টাকায় গ্রামের রাস্তা মেরামত করলেন যুবক
কক্সবাজারে ‘সাফ বিচ গেমস’ আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
কক্সবাজারে ‘সাফ বিচ গেমস’ আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
৫০০ হাত পতাকায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
৫০০ হাত পতাকায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা