রাজধানীতে ১৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ঢাকার বংশাল এলাকা থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
বৃহস্পতিবার (১২ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৪০ মিনিটের দিকে বংশাল থানার তাঁতীবাজার মোড় থেকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডগামী সড়কের পশ্চিম পাশে প্রিমিয়ার ব্যাংকের বংশাল শাখার সামনে অভিযান চালানো হয়। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. এনামুল হক (২৮), মো. ইউসুফ আলী (৩৮) ও মোছাম্মদ মৌসুমী (৩০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৮০টি বায়ুরোধক জিপার প্যাকেটে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ২০০টি করে কমলা রঙের ইয়াবা ট্যাবলেট ছিল। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার, দুটি মোবাইল ফোন, একটি ব্যাগ এবং একটি টিনের বক্স জব্দ করা হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু







