• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রূপপুরের প্রথম ইউনিট চালু হবে নভেম্বরে: বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০৮:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বর মাসের মধ্যেই চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর আফতাবনগরে ‘পাওয়ার গ্রিড বাংলাদেশ’ (পিজিসিবি)-এর প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিদ্যুৎমন্ত্রী বলেন, লক্ষ্য অর্জনে হাতে সময় খুব কম, তাই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে দ্রুত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

বিগত সরকারের বিদ্যুৎ খাতের চুক্তি ও দায়বদ্ধতার বিষয়ে তিনি বলেন, ক্যাপাসিটি চার্জের নামে আগের সরকার দেশের ওপর বড় ধরনের আর্থিক বোঝা চাপিয়ে রেখে গেছে। তবে নতুন সরকার চাইলেই তাৎক্ষণিক এই চুক্তিগুলো বাতিল বা পরিবর্তন করতে পারে না। বিষয়গুলো সরাসরি আইনি প্রক্রিয়ার সঙ্গে জড়িত।

ইকবাল হাসান মাহমুদ জানান, দেশের আইন মন্ত্রণালয় বর্তমানে চুক্তিগুলো পর্যালোচনা করছে। রাতারাতি কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, বরং বিদ্যমান আইন ও চুক্তির ধারা মেনেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান লোডশেডিং ও সরবরাহ সংকটের জন্য আগের সরকারের সমন্বয়হীনতাকে দায়ী করেন মন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক সম্প্রসারণ করেছিল এবং প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ঢোল পিটিয়েছিল, কিন্তু মূল জায়গায় কার্যকর সমন্বয় করেনি। স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উৎপাদন ও সঞ্চালনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিতরণ ব্যবস্থার কোনো উন্নয়নই করা হয়নি।

ইকবাল হাসান মাহমুদ টুকু উল্লেখ করেন, অপরিকল্পিতভাবে বিতরণ লাইন স্থাপন করার কারণে উৎপাদন ও সঞ্চালন স্বাভাবিক থাকার পরও অনেক এলাকায় গ্রাহকদের দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। মূলত বিতরণ লাইনের ত্রুটির কারণেই এই দুর্ভোগ। এসব সংকট থেকে উত্তরণের উপায় খুঁজতেই আজ পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করা হয়েছে।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন শুরু
অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন শুরু
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, আসছে চীনা প্রতিনিধিদল: মির্জা ফখরুল
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, আসছে চীনা প্রতিনিধিদল: মির্জা ফখরুল
কালো টাকা সাদা করার সুযোগ কাম্য নয়: সিপিডি
কালো টাকা সাদা করার সুযোগ কাম্য নয়: সিপিডি