• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এবারের বাজেট সব শ্রেণি-পেশার মানুষের জন্য: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০৪:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সব শ্রেণি-পেশার মানুষের জন্যই প্রণীত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিগত স্বৈরাচারী সময়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাজেটে যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এবারের বাজেটে সেই ঘাটতি পূরণের চেষ্টা করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেল ৩টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল তুলে ধরেন। একই সঙ্গে বাজেট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বাজেট। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী ও বিকেন্দ্রীভূত করার লক্ষ্য সামনে রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশ। সরকার আশা করছে, এই বাজেট দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে সহায়ক হবে।

ভিওডি বাংলা/খতিব/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করবে আদ্-দ্বীন হাসপাতাল
সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করবে আদ্-দ্বীন হাসপাতাল
বেনাপোল হয়ে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
বেনাপোল হয়ে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
ডেপুটি স্পিকারের সঙ্গে চীন প্রতিনিধি দলের বৈঠক
ডেপুটি স্পিকারের সঙ্গে চীন প্রতিনিধি দলের বৈঠক