• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বেনাপোল হয়ে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

   ১২ জুন ২০২৬, ০২:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার অভিজ্ঞ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী দায়িত্ব্ব গ্রহণ করতে বাংলাদেশে পৌঁছেছেন। 

শুক্রবার (১২ জুন) স্ত্রী শ্রীমতী মিনাল ত্রিবেদীকে নিয়ে তিনি ভারতের পেট্রাপোল-বেনাপোল স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় ঢাকার ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার পবন বঢ়ে তাকে উষ্ণ অভ্যর্থনা এবং স্বাগত জানান। 

এর আগে কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, ‘ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষের হৃদয়ের সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই।’

তিনি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত এপ্রিল মাসে দীনেশ ত্রিবেদীকে ঢাকায় দেশটির হাইকমিশনার নিয়োগ দেয়। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে আনুষ্ঠানিক পরিচয়পত্র গ্রহণের পর তিনি নতুন দায়িত্ব পালনের জন্য বাংলাদেশে আসেন।

দীনেশ ত্রিবেদী ভারতের জাতীয় রাজনীতির একজন পরিচিত মুখ। তিনি দেশটির সাবেক রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি লোকসভা ও রাজ্যসভার সদস্য হিসেবেও কাজ করেছেন। ২০২১ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে একজন জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বকে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে নয়াদিল্লি ঢাকা-দিল্লি সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছে। বাণিজ্য, সংযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে তার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক ভিসা স্বাভাবিক কার্যক্রমে ফিরবে কি না—এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী ইতিবাচক আশাবাদ ব্যক্ত করলেও এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি। তিনি বলেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার মাধ্যমেই এগিয়ে নেওয়া হবে।

দীনেশ ত্রিবেদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রণয় ভার্মা সম্প্রতি বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

বাংলাদেশে নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীনেশ ত্রিবেদীর সামনে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। দুই দেশের কূটনৈতিক মহল তার দায়িত্ব পালনকে ঘিরে ইতোমধ্যে আগ্রহের সঙ্গে নজর রাখছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও দীনেশ ত্রিবেদীর বাংলাদেশে আগমণ নিশ্চিত করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে।

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেপুটি স্পিকারের সঙ্গে চীন প্রতিনিধি দলের বৈঠক
ডেপুটি স্পিকারের সঙ্গে চীন প্রতিনিধি দলের বৈঠক
নতুন পে-স্কেলে সব গ্রেডেই উল্লেখযোগ্য হারে বাড়ছে মূল বেতন
নতুন পে-স্কেলে সব গ্রেডেই উল্লেখযোগ্য হারে বাড়ছে মূল বেতন
আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস
আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস