বাজেট বাস্তবায়ন ‘খুব কঠিন’ হবে: জামায়াত

সরকার ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন ‘খুব কঠিন’ হবে। এমন প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে- গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির ক্রমবর্ধমান ব্যয়, লাগামহীন উচ্চ মূল্যস্ফীতি এবং বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা- এ তিনটি বড় বাধা বাজেট বাস্তবায়নের পথ কঠিন করে তুলেছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা জানান।
বৃহস্পতিবার (১২ জুন) জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, বাজেট বাস্তবায়নে এক নম্বর বাধা—বিদ্যুৎ ও জ্বালানি খাতের ক্রমবর্ধমান ব্যয়। সরকার ক্ষমতায় আসার পর গত তিন মাসে গ্যাস, জ্বালানির দাম দফায় দফায় বাড়ানো হয়েছে। বিদ্যুতের দামও বেড়েছে।
দ্বিতীয় বড় বাধা- লাগামহীন উচ্চ মূল্যস্ফীতি’ বলে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার।
এ ছাড়া অপর বড় বাধাটি হলো—বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা।
এই তিনটি বড় বাধার কারণে বাজেট বাস্তবায়নসহ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সরকারের জন্য ‘খুব কঠিন’ হয়ে দাঁড়াবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/আরআর/আ







