ব্রাজিল সমর্থকের বাড়িতে মিললো বিপুল পরিমাণ মদ

জামালপুরের মাদারগঞ্জে এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ ও মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় প্রদীপ রবি দাস নামে এক ব্রাজিল সমর্থক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে মাদারগঞ্জ পৌরসভার চাঁদপুর নামাপাড়া এলাকায় এ অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় আটক হওয়া প্রদীপ রবি দাসের পরনে ছিল ব্রাজিল ফুটবল দলের জার্সি।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর গাবেরগ্রাম এলাকায় দেশীয় মদ তৈরি ও বিক্রির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় প্রদীপ রবি দাসকে আটক করা হয়।
অভিযানে বাড়ির একাধিক স্থান থেকে ৪১০ লিটার দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ, ৮ দশমিক ৫ লিটার দেশীয় চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়।
সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আটক প্রদীপ রবি দাস ও পলাতক আসামি সুবিদা রানী ওরফে বুচি এবং সোনিয়া ওরফে জাম্বুর বসতঘরের খাটের নিচ, রান্নাঘর ও টিউবওয়েলের পাশের মাটির নিচ থেকে ৪১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক ও পলাতকদের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/এফএ







