১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিল তারকা ব্রিতো আর নেই

ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের অন্যতম সদস্য ও ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন ব্রিতোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি সামির সাউদ শোক প্রকাশ করে বলেন, ‘ব্রিতো আমাদের ছেড়ে গেছেন ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে। ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের তৃতীয় শিরোপা জয়ে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তার লড়াকু মানসিকতা আগামী দিনের ফুটবলারদের অনুপ্রাণিত করবে।’
১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন ব্রিতো। সেই দলে তার সঙ্গে রক্ষণভাগে ছিলেন উইলসন পিয়াজা। কৌশলী ফুটবলের জন্য পরিচিত পিয়াজার বিপরীতে ব্রিতো খ্যাতি পেয়েছিলেন শক্তিমত্তা, দৃঢ়তা ও কঠোর রক্ষণভাগের নেতৃত্বের জন্য।
মেক্সিকোয় অনুষ্ঠিত ওই বিশ্বকাপে পেলে, জাইরজিনিয়ো, টোস্তাও ও রিভেলিনোদের নিয়ে গড়া ব্রাজিল দলকে ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপজয়ী দল হিসেবে বিবেচনা করা হয়। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রিতো।
জাতীয় দলের জার্সিতে তিনি ৬১টি ম্যাচ খেলেছেন। দীর্ঘ ক্যারিয়ারে নির্ভরযোগ্য ও কঠিন রক্ষণভাগের জন্য বিশেষ সুনাম অর্জন করেন এই কিংবদন্তি ফুটবলার।
ভিওডি বাংলা/আ







