ঢাকার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ স্তরে, দূষণের শীর্ষে জাকার্তা

ঢাকার বাতাস আবারও অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার (১২ জুন) প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী রাজধানীর স্কোর দাঁড়িয়েছে ১৩২, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, একই দিনে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটির একিউআই স্কোর ২০০, যা খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা (১৬৪), আর তৃতীয় স্থানে উগান্ডার কাম্পালা (১৫৩)। এই তালিকায় মোট ১২২টি শহরের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ।
একিউআই সূচকের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো বায়ুমান ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি মানের বায়ু নির্দেশ করে। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়, যেখানে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বিশেষ সতর্কতা প্রয়োজন। ১৫১ থেকে ২০০ হলে তা সাধারণ জনগণের জন্যও অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এর বেশি হলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বর্তমান বায়ুদূষণ পরিস্থিতি জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শ্বাসতন্ত্রের রোগ, হাঁপানি, হৃদরোগ এবং অন্যান্য জটিল রোগের ঝুঁকি বাড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারায়। এর মধ্যে স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ এবং দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রজনিত রোগ অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত।
পরিবেশবিদরা মনে করছেন, রাজধানীতে দ্রুত নগরায়ণ, অব্যবস্থাপনা, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার অনিয়ন্ত্রিত নির্গমন পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। তারা বলছেন, কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে ঢাকার বায়ুমান আরও নিম্নমুখী হওয়ার আশঙ্কা রয়েছে।
ভিওডি বাংলা/জা







