রামিসা হত্যার বিচার চলবে বিশেষ বেঞ্চে বিরতিহীন: অ্যাটর্নি জেনারেল

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (১১ জুন) সকারে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে এবার বড় উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামী ১৪ জুন (রোববার) থেকেই বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চে শুরু হচ্ছে এর বিচার কাজ।
নতুন গঠিত এই বেঞ্চে নারী ও শিশু নির্যাতন মামলার ফাঁসির আদেশ এবং এ সংক্রান্ত আপিলগুলোর শুনানি অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
বহুল আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি নিজেই পরিচালনার কথা উল্লেখ করে তিনি জানান, নতুন বেঞ্চ গঠনের মধ্য দিয়ে দেশজুড়ে আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলাসহ অন্যান্য মামলার বিচার বিরতিহীনভাবে চলবে। রামিসা হত্যাকাণ্ডের মামলাটির সংবেদনশীলতা বিবেচনায় রাষ্ট্রপক্ষে বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে।
আগামী রোববার হাইকোর্টের কার্যতালিকায় রামিসা ধর্ষণ ও হত্যা মামলাটি থাকতে পারে বলেও আশা প্রকাশ করেন রুহুল কুদ্দুস কাজল।
গত ৯ জুন রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড (ডেথ রেফারেন্স) অনুমোদনের নথি হাইকোর্টে আসে। দুই আসামির ফাঁসির রায়ে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন স্বাক্ষরের পর ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়।
পরদিন বুধবার (১০ জুন) প্রধান বিচারপতি নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য এই বিশেষ বেঞ্চ গঠন করেন।
গত ৭ জুন রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ফাঁসির রায় ঘোষণা করেন আদালত। আসামিদের উপস্থিতিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মৃত্যুদণ্ডের এ রায় ঘোষণা করেন।
পাশাপাশি আসামি সোহেলকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অপরদিকে আসামি স্বপ্নাকে দণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকার পাবে। ক্ষতিপূরণ না দিলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভিকটিম মৃত রামিসার আইনগত উত্তরাধিকারকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ভিওডি বাংলা/জা







