প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ-২০২৬ শুরুর আর মাত্র একদিন বাকি। এরই মধ্যে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা পৌঁছে গেছে চূড়ান্ত পর্যায়ে। প্রিয় দল, সম্ভাব্য একাদশ ও তারকাদের ফর্ম নিয়ে চলছে ব্যাপক আলোচনা। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিও সেরে নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো।
সেই প্রস্তুতির অংশ হিসেবে বুধবার (১০ জুন) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল লিওনেল মেসির অনুপস্থিতি। তবে শুরুর একাদশে মেসি না থাকলেও মাঠের খেলায় তার অভাব খুব একটা অনুভূত হয়নি।
প্রথমার্ধ শেষে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচের একমাত্র গোলটি করেন ভ্যালেন্টিন বারকো। অষ্টম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া তার জোরালো শট আইসল্যান্ডের জালে আশ্রয় নেয়।
তবে ম্যাচের শুরুতে কিছুটা চাপে পড়েছিল আর্জেন্টিনা। নিকো পাজের একটি আক্রমণ ভেস্তে যাওয়ার পর দ্রুত পাল্টা আক্রমণে ওঠে আইসল্যান্ড। এলার্টসন গোলের সামনে ভালো সুযোগ পেলেও তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে বড় বিপদ থেকে রক্ষা পায় আর্জেন্টিনা।
এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আলবিসেলেস্তেরা। বলের দখল ধরে রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। অন্যদিকে রক্ষণভাগ শক্ত রেখে কাউন্টার অ্যাটাকের পরিকল্পনা করলেও আর্জেন্টিনার উচ্চ প্রেসিংয়ের কারণে খুব একটা সুবিধা করতে পারেনি আইসল্যান্ড।
গোলের পর ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগও তৈরি করেছিল আর্জেন্টিনা। প্রথমার্ধে আক্রমণভাগে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নিকো পাজ। তার গতিময় ফুটবল ও সৃজনশীল পাসিং বারবার আইসল্যান্ডের রক্ষণে চাপ সৃষ্টি করে। একবার লোপেসকে দুর্দান্ত একটি পাস দিলেও সেখান থেকে গোল আসেনি। এছাড়া বক্সের বাইরে থেকে পাওয়া একটি ফ্রি-কিকও অল্পের জন্য লক্ষ্যে পৌঁছায়নি।
মাঝে মধ্যে আইসল্যান্ডও আক্রমণে ওঠার চেষ্টা করেছে। বিশেষ করে ড্যানিয়েল লিও গ্রেতারসনকে লক্ষ্য করে লম্বা বল ও থ্রো-ইনের মাধ্যমে চাপ তৈরির চেষ্টা ছিল তাদের কৌশলের অংশ। তবে আর্জেন্টিনার সুসংগঠিত রক্ষণভাগের সামনে সেসব প্রচেষ্টা খুব একটা ফলপ্রসূ হয়নি। ফলে গোলরক্ষক জেরোনিমো রুলিকেও বড় কোনো পরীক্ষার মুখে পড়তে হয়নি।
প্রথমার্ধের শেষদিকে আবারও আক্রমণের ঝাঁজ বাড়ায় আর্জেন্টিনা। বাম দিক থেকে ভেতরে ঢুকে সিমিওনের নেওয়া শট সহজেই প্রতিহত করেন আইসল্যান্ডের গোলরক্ষক। পরে নিকো পাজও বক্সের ভেতরে আরেকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।
প্রথম ৪৫ মিনিটে বলের দখল, আক্রমণের ধার এবং ম্যাচ নিয়ন্ত্রণ সবকিছুতেই স্পষ্ট আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। মেসিবিহীন একাদশ নিয়েও আত্মবিশ্বাসী ও পরিণত ফুটবল খেলেছে স্কালোনির দল। তবে ম্যাচের শুরুতে আইসল্যান্ড যে হুমকির আভাস দিয়েছিল, তাতে দ্বিতীয়ার্ধে কোনোভাবেই আত্মতুষ্ট হওয়ার সুযোগ নেই আর্জেন্টাইনদের।
ভিওডি বাংলা/এমএস







