২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২৮

দেশে হামের প্রকোপ কমার লক্ষণ না থাকলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর একজনের মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
এর ফলে দেশে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর মোট সংখ্যা বেড়ে ৬২৮ জনে পৌঁছেছে। এদের মধ্যে ৫৩৬ জন হামের উপসর্গ নিয়ে এবং ৯২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হিসাবটি গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে সারা দেশে সন্দেহভাজন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯২ জন। এদের মধ্যে ৯৭৪ শিশুকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ৩৪৬ জন ঢাকা বিভাগের। এরপর চট্টগ্রামে ২২১ জন এবং বরিশাল বিভাগে ১৩৪ জন ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১৯৪ জন।
দেশে চলতি বছরের ১৫ মার্চ প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর থেকে রোগটির বিস্তার অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮০ হাজার ১০৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ৬৫ হাজার ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
এ পর্যন্ত দেশে মোট ৯ হাজার ৭৭৯ জনের হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ২৭৮ জন।
ভিওডি বাংলা/এমএস







