হিজবুল্লাহর হামলায় নিহত দুই ইসরায়েলি সেনা

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
শনিবার (৬ জুন) রাতে আইডিএফ এক বিবৃতিতে এ তথ্য জানায়। লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্ত এলাকায় হামলা-পাল্টা হামলার ঘটনা অব্যাহত রয়েছে।
নিহতদের একজন ক্যাপ্টেন শাহার গামলা (২৩)। তিনি সেনাবাহিনীর ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেডে দায়িত্ব পালন করতেন। গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ড্রোন হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
অন্যদিকে, সার্জেন্ট ওহাদ ইয়ারি (২১) শুক্রবার পৃথক এক ঘটনায় নিহত হন। তিনি গিভাতি ব্রিগেডের সাকেদ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তিনি দুর্ঘটনাজনিত গুলিবর্ষণের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।
ওহাদ ইয়ারির মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে আইডিএফ।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, শুধুমাত্র শনিবারই তারা হিজবুল্লাহর ১৫০টির বেশি স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ভিওডি বাংলা/আ







