দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি, মৃত্যু ৪৮

হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফেরা বাংলাদেশি হাজিদের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন হাজি বাংলাদেশে ফিরেছেন। একই সময়ে পবিত্র হজ পালনকালে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন ৪৮ জন বাংলাদেশি এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২২ জন।
রোববার (৭ জুন) প্রকাশিত হজসংক্রান্ত দৈনিক বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত মোট ৮৯টি ফিরতি ফ্লাইটে বাংলাদেশি হাজিদের দেশে আনা হয়েছে। দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীর সংখ্যা ৩ হাজার ৩২৮ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ৩৪ হাজার ১০৭ জন ইতোমধ্যে দেশে ফিরেছেন।
ফেরত আসা হাজিদের পরিবহনে তিনটি এয়ারলাইনস দায়িত্ব পালন করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফিরেছেন ১৪ হাজার ৬০ জন হাজি। সৌদি এয়ারলাইনস বহন করেছে ১৪ হাজার ২৪১ জনকে এবং ফ্লাইনাসের মাধ্যমে ফিরেছেন ৭ হাজার ৭০০ জন।
ফ্লাইট পরিচালনার ক্ষেত্রেও সৌদি ও বাংলাদেশি উড়োজাহাজ সংস্থাগুলোর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৪টি, সৌদি এয়ারলাইনস ৩৫টি এবং ফ্লাইনাস ২০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।
এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশি হাজিদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৬ জন নারী। স্থানভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, পবিত্র মক্কায় সবচেয়ে বেশি ৩৫ জন হাজির মৃত্যু হয়েছে। এছাড়া মদিনায় ১২ জন এবং জেদ্দায় একজন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন।
চিকিৎসাসেবা সংক্রান্ত তথ্যেও দেখা গেছে, হজ মৌসুমে এখন পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৩৯৮ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করলেও বর্তমানে ২২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
চলতি বছরের জন্য বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনের হজ পালনের সুযোগ ছিল।
ভিওডি বাংলা/জা







